কলকাতা: সূচি অনুযায়ী আজ সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী হোম ম্যাচে নেমেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁদের লড়াই করতে হচ্ছে পাঞ্জাব এফসির সঙ্গে। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে বজায় রয়েছে ১-১ গোলের অমীমাংসিত ফলাফল। পাঞ্জাবের হয়ে গোল করেন দানি রামিরেজ এবং মোহনবাগানের হয়ে গোল পান জেমি ম্যাকলারেন। যারফলে প্রায় তিন ম্যাচ পর গোলে ফিরলেন বাগানের এই বিদেশি স্ট্রাইকার। যেটা নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন যুক্ত করবে দলের ফুটবলারদের মধ্যে।
বলাবাহুল্য, এদিন ম্যাচের প্রথম কোয়ার্টারে দলের হয়ে গোল করেন দানি রামিরেজ। ১২ মিনিটের মাথায় বাগানের জালে বল জড়িয়ে দিয়ে যান প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব দল। স্প্যানিশ তারকা দানি রামিরেজ। যদিও সেই গোল শোধ করতে খুব একটা অসুবিধা হয়নি মেরিনার্সদের। তবে তাঁর আগে দুই ফুটবলার বদল করে মোহনবাগান। বিদেশি ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ ও ভারতীয় তারকা মনবীর সিংয়ের বদলে মাঠে আসেন দিমিত্রি পেত্রাতোস এবং মেহেতাব সিং।
তারপর ২৯ মিনিটের মাথায় আসে বহু প্রতীক্ষিত গোল। ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহোর অ্যাসিস্ট থেকে গোল করে যান জেমি ম্যাকলারেন। তারপর প্রথমার্ধের শেষ লগ্নে আরও একবার গোলের সুযোগ এসে গিয়েছিল মোহনবাগানের কাছে। বল গোলে ও ঠেলে দিয়েছিলেন দিমিত্রি পেত্রাতোস। কিন্তু অফসাইডের জন্য বাতিল হয়ে যায় সেই গোল। নির্ধারিত ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিট সময় সংযুক্ত করা হয়েছিল ম্যাচ রেফারির তরফে। কিন্তু ফলাফল অপরিবর্তিত থাকে। ইতিমধ্যেই শুরু হয়েছে দ্বিতীয়ার্ধ।
