বাহান আদক, কলকাতা: প্রত্যাশামতোই ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান (Mohun Bagan ) সুপার জায়ান্ট। সোমবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে গ্রুপ লিগের শেষ ম্যাচে সিআইএসএফ প্রটেক্টরসকে ৬-০ গোলে কার্যত উড়িয়ে দিল প্যানাগিওটিস দিলেমপেরিসের দল। এই দাপুটে জয়ের সুবাদে ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট এবং ১৫টি গোলের অবিশ্বাস্য পরিসংখ্যান নিয়ে অনায়াসেই গ্রুপ ‘এ’-এর শীর্ষস্থান দখল করল সবুজ মেরুন শিবির।
আগের ম্যাচে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে একাধিক সহজ সুযোগ নষ্ট করেছিলেন সাহাল আব্দুল সামাদ। এদিন যেন সেই হতাশারই সুদে আসলে বদলা নিলেন কেরলের এই তারকা মিডফিল্ডার। প্রথমার্ধেই অনবদ্য হ্যাটট্রিক করে বিপক্ষকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেন তিনি। ম্যাচের ১৭ মিনিটে লিস্টন কোলাসোর পাস থেকে মনবীর সিংয়ের পা ছুঁয়ে আসা বলে নিখুঁত ফিনিশে খাতা খোলেন সাহাল। ১৯ মিনিটে ড্রাজিচের ক্রস থেকে দলের এবং নিজের দ্বিতীয় গোলটি করেন। এরপর ২৪ মিনিটে অভিষেকের ক্রস থেকে ডান পায়ের জোরালো শটে দলের তৃতীয় গোলটি করেন মনবীর। প্রথমার্ধ শেষ হওয়ার আগে, ৩৭ মিনিটে মাঝমাঠ থেকে একাই বল টেনে নিয়ে গিয়ে দুর্দান্ত প্লেসিংয়ে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন সাহাল। বিরতিতেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় বাগান।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দুই বিদেশিসহ মোট চারটি পরিবর্তন করেন কোচ প্যানোস। তবে সমর্থকদের জন্য সবচেয়ে বড় চমকটি তোলা ছিল ৬২ মিনিটের জন্য। মনবীর সিংয়ের বদলি হিসেবে মাঠে নামেন অস্ট্রেলীয় বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। সবুজ মেরুন জার্সিতে নিজের অভিষেক রাঙিয়ে দিতে মাত্র ৬ মিনিট সময় নেন এই তারকা স্ট্রাইকার। ৬৮ মিনিটে সাহালের নিখুঁত পাস থেকে গোল করে নিজের জাত চেনান ম্যাকলারেন। এরপর ৭৪ মিনিটে লিস্টনের পাস থেকে দলের ষষ্ঠ গোলটি করেন অভিষেক সিং।
3/3 in the group stage sealed in style 😎#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/DOD1pJVd8j
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 10, 2026
তবে হাফ ডজন গোলের দাপুটে জয়ের দিনেও মোহনবাগান কোচের চিন্তার কারণ হতে পারে ফরোয়ার্ডদের সহজ সুযোগ নষ্টের প্রবণতা। লিস্টন কোলাসো এবং মনবীর সিং এদিন বেশ কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করেছেন, যা নক আউট পর্বে ভোগাতে পারে। যদিও কোয়ার্টার ফাইনালের আগে দলের আক্রমণভাগের এই বিধ্বংসী ফর্ম বিপক্ষ শিবিরকে রীতিমতো আতঙ্কে রাখবে। নক আউটে মোহনবাগানের প্রতিপক্ষ কে হবে, তা নির্ধারিত হবে গ্রুপ পর্বের ড্রয়ের পর।
Also Read | পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব
Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা
Also Read | IRCTC-এর ৯ দিনের তীর্থযাত্রা ট্রেন: জ্যোতির্লিঙ্গ থেকে দ্বারকা-অক্ষরধাম, ভাড়া ও রুট জানুন
Also Read | মিরিক লেককে আরও সুন্দর করতে ১০০কোটির পর্যটন প্রকল্প শুভেন্দু সরকারের
