সায়ন সেনগুপ্ত, কলকাতা: সুপার সিক্সের (CFL 2026) প্রথম ম্যাচেই ধাক্কা খেল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। নির্ধারিত সূচি অনুযায়ী এদিন কলকাতা ফুটবল লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের ম্যাচে নেমেছিল অর্চিস্মান বিশ্বাসের ছেলেরা। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল ইউনাইটেড স্পোর্টস ক্লাব। সম্পূর্ণ সময়ের শেষে গোলশূন্য ফলাফল নিয়ে শেষ হয় এই গুরুত্বপূর্ণ ম্যাচ। গত ডার্বি ম্যাচের পর ক্লাবের মাঠে এই ম্যাচ থেকে সম্পূর্ণ পয়েন্ট পাওয়ার লক্ষ্য থাকলেও বাঁধা হয়ে দাঁড়াল প্রতিপক্ষের জমাট বাঁধানো রক্ষণভাগ। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ল দুই শিবির।
যেটা নিঃসন্দেহে হতাশ করেছে লাল-হলুদ সমর্থকদের। গত ম্যাচের দাপুটে পারফরম্যান্সের পর এদিনও জয় বাজ সহ অঙ্কন ভট্টাচার্য ও আকাশ হেমব্রমের মতো ফুটবলারদের রেখেই প্রথম একাদশ সাজিয়েছিলেন লাল-হলুদ কোচ। এছাড়াও এদিন প্রথম থেকেই দলে ছিলেন ডার্বিতে গোল করা মোহম্মদ বিলাল। কিন্তু তবুও গোলের মুখ খোলা সম্ভব হয়নি। গোলরক্ষক সৌরভ সামন্তর হাতে বারংবার আটকে যেতে হয় আকাশ হেমব্রমদের। এছাড়াও এদিন যথেষ্ট সক্রিয়তা দেখান নিতেশ মন্ডল। প্রথমার্ধে গোলশূন্য ফলাফল থাকার পর দ্বিতীয়ার্ধে আক্রমণের তেজ আরও বাড়াতে থাকে ইস্টবেঙ্গল।
তবে ইউনাইটেড স্পোর্টসের রক্ষণে পায়ের জঙ্গল ভেদ করে গোলের মুখ খোলা যথেষ্ট কঠিন ছিল বিলালদের কাছে। সুযোগ বুঝেই পাল্টা আক্রমণ শানাতে থাকে প্রতিপক্ষ দল বেশ কয়েকবার গোলের সুযোগ ও চলে এসেছিল রাহুলের পাশাপাশি আমনরা। যদিও লাল-হলুদ গোলরক্ষক গৌরব সাউয়ের তৎপরতায় বিপদ ঘটেনি। গ্ৰুপ পর্বে অনবদ্য পারফরম্যান্স করার পর সুপার সিক্সের প্রথমেই পয়েন্ট নষ্ট করায় নিঃসন্দেহে চাপ থাকবে মশাল ব্রিগেডের।
