সায়ন সেনগুপ্ত, কলকাতা: ভারতীয় ক্লাব ফুটবলে যথেষ্ট শক্তিশালী দল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। একাধিক গুরুত্বপূর্ণ ট্রফি রয়েছে তাদের ক্যাবিনেটে। কিন্তু শেষ কিছু সিজন সুখের থাকেনি। গতবারে একের পর এক টুর্নামেন্টে ধাক্কা খাওয়ার পর পেপ মুনোজের তত্বাবধানে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে নেমেছিল বেঙ্গালুরু এফসি। টুর্নামেন্টের প্রায় প্রতিটি দলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করার পর শেষ পর্যন্ত চতুর্থ স্থানে থেকেই মরসুম শেষ করেছিল কর্নাটকের এই দল। সেই হতাশা কাটিয়ে আগামী দিনে সাফল্যের সরণিতে ফিরতে চাইছে ক্লাব। সেইমতো দল গঠনের কাজ শুরু করেছিল ম্যানেজমেন্ট।
কিন্তু গত কয়েক মাসে রাহুল ভেকের পাশাপাশি বেঙ্গালুরু এফসি ছেড়ে অন্যত্র যোগদান করেছেন একাধিক ফুটবলার। যেটা নিঃসন্দেহে ধাক্কা ছিল সমর্থকদের কাছে। তবে পরবর্তীতে দলবদলের বাজারে যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে বেঙ্গালুরু। শোনা যায় এক বিদেশি স্ট্রাইকারকে দলে টানতে চলেছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। উঠে আসতে শুরু করেছিল মিহাইলো পেরোভিচের নাম। পাশাপাশি ভারতীয় ফুটবলার নির্বাচনের ক্ষেত্রেও যথেষ্ট তৎপর দেশের প্রথম সারির ফুটবল দল। নিজেদের হারানো গৌরব ফিরিয়ে আনতে বদ্ধপরিকর রেনেডি সিংরা।
এসবের মাঝেই নেদারল্যান্ডসের এক দাপুটে ডিফেন্ডারকে দলে টেনে নিয়েছে বেঙ্গালুরু এফসি। তিনি মেনো কোচ। পূর্বে নরওয়ের প্রথম টায়ারের ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন বছর বত্রিশের এই ডিফেন্ডার। এছাড়াও নিজের দেশের ফুটবল ক্লাব তথা ন্যাক ব্রেডা থেকে শুরু করে এফসি আটরেক্টের মত দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। এই বিশাল অভিজ্ঞতা নিয়েই এবার যোগ দিলেন ভারতের এই প্রথম সারির দলে।
এই ক্লাব প্রসঙ্গে বলেন, ‘ কোচ এবং ম্যানেজমেন্টের সাথে আমার প্রথম আলাপচারিতা থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে, এটাই আমার ক্যারিয়ারের জন্য সেরা পদক্ষেপ হবে। ক্লাবের ভবিষ্যৎ নিয়ে একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে এবং আমি তা গড়ে তুলতে অবদান রাখতে চাই। আমি ভারতে এই নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে, কঠোর পরিশ্রম করতে এবং ক্লাবের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিতে এসেছি।’
আরও পড়ুন: ৮,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে Realme P4S 5G, দাম ৩৪,৯৯৯
আরও পড়ুন: মেড ইন ইন্ডিয়ায় ফের ইতিহাস! দেশের সফল মহাকাশ অভিযানে ব্যবহার হচ্ছে দেশীয় সেমিকন্ডাক্টর চিপ
আরও পড়ুন: DRDO র বড় সিদ্ধান্ত! এবার দেশেই তৈরী হতে চলেছে টর্পেডো সাবমেরিন
