এলন মাস্কের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেতনপ্রাপ্ত সিইও কলকাতার শঙ্খ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শঙ্খ মিত্র বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেতনপ্রাপ্ত সিইও। Welltower-এর প্রধান হিসেবে তাঁর ২০২৫ সালের পারিশ্রমিক ৮২.১ কোটি ডলারের সমমূল্যের প্যাকেজে পৌঁছেছে।

kolkata-shankha-mitra-second-highest-paid-ceo-after-elon-musk

কলকাতা: বিশ্বের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত কর্পোরেট প্রধানদের তালিকায় এলন মাস্কের ঠিক পরেই উঠে এল এক বাঙালির নাম। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শঙ্খ মিত্র (Shankha Mitra) ২০২৫ সালে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেতনপ্রাপ্ত সিইও হিসেবে স্বীকৃতি পেয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের দাবি, মার্কিন সংস্থা Welltower-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে তিনি চলতি বছরে প্রায় ৮২ কোটি ১০ লক্ষ মার্কিন ডলার (প্রায় ৭,৭১৭ কোটি টাকা) পারিশ্রমিক পেয়েছেন।

Advertisements

এই তালিকায় তাঁর উপরে রয়েছেন শুধুমাত্র টেসলা ও স্পেসএক্সের প্রধান এলন মাস্ক। উল্লেখযোগ্যভাবে, ভারতীয় বংশোদ্ভূত আরেক কর্পোরেট প্রধান নিকেশ অরোরাও বিশ্বের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত সিইওদের তালিকায় জায়গা করে নিয়েছেন। তাঁর বার্ষিক পারিশ্রমিক প্রায় ১০ কোটি মার্কিন ডলার।

   

কলকাতা থেকে আমেরিকার কর্পোরেট জগতে

শঙ্খ মিত্রের শৈশব কেটেছে কলকাতায়। শহরের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করার পর তিনি উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। পরে কলম্বিয়া বিজনেস স্কুল থেকে অ্যাপ্লাইড ভ্যালু ইনভেস্টিং-এ এমবিএ ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনের শুরু হয় আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থা PwC-তে। এরপর ২০০৯ সালে Fidelity Investments-এ অ্যানালিস্ট হিসেবে যোগ দেন। পরবর্তীতে Citadel এবং Millennium Management-এর মতো শীর্ষ বিনিয়োগ সংস্থায় রিয়েল এস্টেট ও পোর্টফোলিও ম্যানেজমেন্টের দায়িত্ব সামলান।

Advertisements

২০১৬ সালে Welltower-এ যোগ, ২০২০-এ সিইও

২০১৬ সালে Welltower-এ যোগ দেওয়ার পর ধীরে ধীরে সংস্থায় তাঁর দায়িত্ব বাড়তে থাকে। ২০১৮ সালে তিনি চিফ ইনভেস্টমেন্ট অফিসার (CIO) হন এবং ২০২০ সালে সংস্থার সিইও পদে নিযুক্ত হন।

তাঁর নেতৃত্বে প্রবীণ নাগরিকদের আবাসন, স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র এবং ওয়েলনেস অবকাঠামোয় বিনিয়োগ বাড়ায় Welltower। এর ফলে সংস্থার বাজারমূল্য এবং শেয়ারহোল্ডারদের রিটার্ন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

কেন এত বড় পারিশ্রমিক?

প্রতিবেদন অনুযায়ী, শঙ্খ মিত্রের মোট পারিশ্রমিকের প্রায় ৯৯ শতাংশই স্টক অ্যাওয়ার্ড বা শেয়ারভিত্তিক প্রণোদনা। এর মধ্যে প্রায় ৭৮ কোটি ৯০ লক্ষ মার্কিন ডলারের একটি দীর্ঘমেয়াদি পারফরম্যান্স-ভিত্তিক স্টক গ্রান্ট রয়েছে।

এই প্রণোদনা সম্পূর্ণভাবে নির্ভর করছে সংস্থার ভবিষ্যৎ বাজারমূল্য, শেয়ারহোল্ডারদের রিটার্ন এবং শঙ্খ মিত্রের দীর্ঘমেয়াদি নেতৃত্বের উপর। Welltower-এর শেয়ারের দামের উল্লেখযোগ্য বৃদ্ধির ফলেই তাঁর এই বিশাল পারিশ্রমিকের প্যাকেজ বাস্তবায়িত হয়েছে বলে জানা গিয়েছে।

সংস্থার তৎকালীন লিড ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর জেফ্রি এইচ. ডোনাহিউ শঙ্খ মিত্রের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তাঁর দূরদর্শিতা এবং বিনিয়োগ সংক্রান্ত দক্ষতাই Welltower-এর দীর্ঘমেয়াদি সাফল্যের শক্ত ভিত তৈরি করেছে।

Advertisements