কলকাতা: বিকশিত ভারত (Viksit Bharat) কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাবে নীতিগতভাবে সম্মতি দিয়েছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা ISI। সোমবার বসা ISI-এর কাউন্সিল বৈঠকে কলকাতার এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে রাজ্যের Lead Knowledge Institute বা LKI হিসেবে যুক্ত করার প্রস্তাবে নীতিগত সম্মতি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। প্রক্রিয়াটি দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হবে বলেও জানা গিয়েছে।
NITI Aayog-এর State Support Mission-এর আওতায় প্রস্তাব
সোমবার ISI কলকাতার প্রতিটি ফ্যাকাল্টি সদস্যকে পাঠানো একটি ইমেলে কাউন্সিলের এক সদস্য জানান, NITI Aayog-এর State Support Mission বা SSM-এর অধীনে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, কলকাতাকে Lead Knowledge Institution হিসেবে ‘অনবোর্ড’ করার প্রস্তাব পেয়েছে প্রতিষ্ঠানটি। রাজ্যের পরিকল্পনা ও পরিসংখ্যান দফতর ISI কলকাতাকে এই প্রক্রিয়ায় যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। প্রস্তাবিত এই অংশীদারিত্বের মাধ্যমে রাজ্যের গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক ও নীতিগত চ্যালেঞ্জ মোকাবিলায় ISI-এর দীর্ঘদিনের অ্যাকাডেমিক ও টেকনিক্যাল দক্ষতা কাজে লাগানোর সুযোগ তৈরি হবে বলে ইমেলে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: জনপূর্ত দফতরের সঙ্গে এক যোগে রাইটার্স বিল্ডিংয়ের সংস্কারে এগিয়ে এল আদানি গ্ৰুপ!
State Vision 2047 তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা
ISI কলকাতার এক ফ্যাকাল্টি সদস্যের মতে, এই উদ্যোগটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তাঁর বক্তব্য, কেন্দ্র সরকার সংসদে ISI Bill আনার পর প্রতিষ্ঠানটির ফ্যাকাল্টিদের একাংশ তার বিরোধিতা করে আসছিল। তাঁর মতে, পশ্চিমবঙ্গের State Vision 2047 তৈরির ক্ষেত্রে প্রযুক্তিগত ও বিশ্লেষণাত্মক পরামর্শ দেওয়ার মতো দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে ISI কলকাতার ভূমিকার স্বীকৃতিও মিলছে এই উদ্যোগে।
কী কাজ করবে ISI কলকাতা?
Lead Knowledge Institute হিসেবে দায়িত্ব পেলে ISI কলকাতা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করতে পারে৷ এর মধ্যে রয়েছে:
- বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টর বা ক্ষেত্র চিহ্নিত করা
- প্রতিটি ক্ষেত্রের জন্য সেক্টর-ভিত্তিক কৌশল তৈরি
- সরকারি প্রকল্পের মনিটরিং ও ইভ্যালুয়েশন-এ পরামর্শ দেওয়া
- ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে নীতিনির্ধারণে সহায়তা
- তথ্য ও প্রমাণের ভিত্তিতে Evidence-based Decision Making-এ প্রযুক্তিগত সহায়তা
- সরকারি তথ্যের গুণমান, ভ্যালিডেশন, ইন্টিগ্রেশন ও ব্যবহারযোগ্যতা বাড়ানো
- বিভিন্ন অ্যাকাডেমিক ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা তৈরি করা
- থিঙ্ক ট্যাঙ্ক এবং অন্যান্য Knowledge Partner-এর সঙ্গে সমন্বয় করা
আরও পড়ুন:বাংলার সরকারি স্কুল হবে আরও পরিবেশের কাছাকাছি! ৩০০ কোটির অনুমোদন সরকারের
গবেষণা ও নীতিনির্ধারণে সেতুবন্ধন
LKI হিসেবে ISI কলকাতার সম্ভাব্য ভূমিকা শুধু পরিসংখ্যান বিশ্লেষণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। মাল্টিডিসিপ্লিনারি নলেজ, গবেষণাভিত্তিক অ্যাডভাইসরি সাপোর্ট এবং টেকনিক্যাল গাইডেন্স দেওয়ার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বিশেষ করে রাজ্যের উন্নয়ন পরিকল্পনা, বিভিন্ন সরকারি প্রকল্পের ফলাফল মূল্যায়ন, তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই এবং ডেটা-নির্ভর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ISI-এর দক্ষতা কাজে লাগানো হতে পারে।
এর ফলে একদিকে যেমন সরকারের কাছে আরও নির্ভরযোগ্য ও বিশ্লেষণভিত্তিক তথ্য পৌঁছতে পারে, অন্যদিকে রাজ্যের Viksit Bharat @2047-এর সঙ্গে সম্পর্কিত দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরিতেও ISI কলকাতার গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা ব্যবহার করার সুযোগ তৈরি হবে। তবে বর্তমানে এটি নীতিগত সম্মতির পর্যায়ে রয়েছে। প্রস্তাবিত অংশীদারিত্বের আনুষ্ঠানিক প্রক্রিয়া ও নির্দিষ্ট কর্মপরিধি পরবর্তী পর্যায়ে চূড়ান্ত হবে।
