Actor Kharaj Mukherjee in Nepal: নেপালে মহাপ্রলয়! প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত পাহাড়ি দেশ। বুধবার নেপালের চিন সীমান্ত লাগোয়া রাসুয়া জেলায় ভয়াবহ-রাক্ষুসে হড়পা বানে নিমেষে শেষ বিস্তীর্ণ এলাকা। এমন প্রতিকূল আবহাওয়ার মাঝেই নেপালে শুটিং করতে গিয়ে আটকে পড়েছেন টলিউডের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। জানা যাচ্ছে, নেপালে নতুন বাংলা ছবি ‘শিকারি’-র শুটিং করতে গিয়ে আটকে পড়েন সস্ত্রীক অভিনেতা খরাজ মুখোপাধ্যায়।
নেপাল বিপর্যয়ের পর হঠাৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। এরপর অভিনেতার পুত্র তমোঘ্ন (বিহু) মুখোপাধ্যায় এক সংবাদমাধ্যমকে জানান যে তাঁর তাঁর বাবা-মা দুজনেই সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন, তাই আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি।

সংবাদমাধ্যমকে তমোঘ্ন জানান, “বাবার সঙ্গে কথা হয়েছে, মা-ও সঙ্গে রয়েছেন। বিপর্যয় যেখানে ঘটেছে, সেখান থেকে অনেকটাই দূরে নিরাপদ আশ্রয়ে আছেন তাঁরা। তবে দুর্যোগের কারণে যানবাহন, বিমান চলাচলে সমস্যা হচ্ছে, সেই জন্যই ফিরতে খানিক দেরি হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই তাঁরা দ্রুত কলকাতায় ফিরে আসবেন।”
বুধবার নেপালে আচমকা হড়পা বানে ধূলিসাৎ বিস্তীর্ণ এলাকা। এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা দেখে আতঙ্কিত সকলেই। এখনও পর্যন্ত (প্রতিবেদন প্রকাশের সময়) নেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা ১৭৫ এবং প্রায় ১৫০০ জন নিখোঁজ। জানা গিয়েছে আটকে পড়া মানুষের মধ্যে অন্তত ১০৫ জন ভারতীয় নাগরিক। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।
