নয়াদিল্লি: জাওয়া ইয়েজদি মোটরসাইকেল ভারতে তাদের নতুন ইয়েজদি রোডস্টার রেড উলফে’র (Yezdi Roadster Red Wolf) অনলাইন বিক্রি শুরু করেছে। এবার মোটরসাইকেলটি অ্যামাজন এবং ফ্লিপকার্ট-এর মাধ্যমে কেনার সুযোগ পাবেন ক্রেতারা। সংস্থার এই পদক্ষেপ তাদের ডিজিটাল-ফার্স্ট বিক্রয় কৌশলকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। অনলাইনে বাইকটি সম্পর্কে তথ্য দেখা থেকে শুরু করে বুকিং এবং পরবর্তী কেনার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। তবে চূড়ান্ত রেজিস্ট্রেশন, বিমা এবং গাড়ি হস্তান্তরের কাজ হবে অনুমোদিত ডিলারের মাধ্যমে।
ইয়েজদি রোডস্টার রেড উলফ: দাম
দিল্লি অনুযায়ী ইয়েজদি রোডস্টার রেড উলফের এক্স-শোরুম দাম ২,০৯,৯৫ টাকা৷ মোটরসাইকেলটি দেশের অনুমোদিত ইয়েজদি ডিলারশিপের পাশাপাশি অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকেও কেনা যাবে।
Also Read | চার-দরজার Ford Mustang আসছে? ৪ সেকেন্ডের কমে ১০০ কিমি গতি!
ইয়েজদি রেড উলফের ইঞ্জিন ও পারফরম্যান্স
ইয়েজদি রোডস্টার রেড উলফে রয়েছে ৩৫০ আলফা২ লিকুইড-কুলড ইঞ্জিন। এর সঙ্গে দেওয়া হয়েছে ৬-স্পিড গিয়ারবক্স এবং অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ। ১৯৭০-এর দশকে ইয়েজদির ঐতিহ্য থেকে অনুপ্রাণিত এই মোটরসাইকেলে ব্যবহার করা হয়েছে গভীর লাল রঙ, প্রচুর ক্রোম ডিটেলিং এবং একটি আগ্রাসী রোডস্টার ডিজাইন। দীর্ঘ পথের যাত্রার কথা মাথায় রেখে বাইকটিতে তুলনামূলক আরামদায়ক রাইডিং পজিশন রাখা হয়েছে। রয়েছে ডুয়াল-চ্যানেল এবিএস এবং ১২.৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক। সংস্থার দাবি, একবার ট্যাঙ্ক ভরলে বাইকটি ৩৫০ কিলোমিটারের বেশি পথ চলতে পারবে।
Also Read | আকাশে উড়ল উত্তরাখণ্ডের তরুণের তৈরি বৈদ্যুতিক যান! ব্যক্তিগত উড়ন্ত গাড়ির স্বপ্নে বড় সাফল্য
অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে কীভাবে কিনবেন?
অনলাইনে ইয়েজদি রোডস্টার রেড উলফ কেনার প্রক্রিয়াটি বেশ সহজ। প্রথম ধাপে, অ্যামাজন বা ফ্লিপকার্টে গিয়ে বাইকটির জন্য নির্ধারিত এক্স-শোরুম বুকিংয়ের টাকা দিতে হবে।
দ্বিতীয় ধাপে, স্থানীয় অনুমোদিত ইয়েজদি ডিলার অর্ডারটি নিশ্চিত করবেন এবং বাকি অন-রোড পেমেন্টের বিষয়ে ক্রেতাকে সাহায্য করবেন। তৃতীয় ধাপে, ডিলারশিপেই বাইকের রেজিস্ট্রেশন এবং বিমার প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর ডিলারশিপ থেকেই মোটরসাইকেলটি ক্রেতার হাতে তুলে দেওয়া হবে। বাইকটির অ্যাক্সেসরিজ এবং অতিরিক্ত অ্যাড-অন অবশ্য ডিলারশিপ থেকেই কিনতে হবে।
ইয়েজদির ওনারশিপ অ্যাসিওরেন্স প্রোগ্রাম
ক্রেতাদের সুবিধার জন্য জাওয়া ইয়েজদি মোটরসাইকেল তাদের ওনারশিপ অ্যাসিওরেন্স প্রোগ্রাম চালু রেখেছে। এর আওতায় রয়েছে:
• ৪ বছর বা ৫০,০০০ কিলোমিটার স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি
• সর্বোচ্চ ৬ বছর পর্যন্ত এক্সটেন্ডেড ওয়ারেন্টির সুযোগ
• সর্বোচ্চ ৮ বছর পর্যন্ত রোডসাইড অ্যাসিস্ট্যান্স
• সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এএমসি
• দেশজুড়ে কভারেজ
অনলাইন বিক্রির ফলে ক্রেতারা বাড়িতে বসেই ইয়েজদি রোডস্টার রেড উলফ সম্পর্কে তথ্য সংগ্রহ করে বুকিং শুরু করতে পারবেন। তবে বাইক হাতে পাওয়ার আগে চূড়ান্ত কাগজপত্র, রেজিস্ট্রেশন এবং বিমার কাজ অনুমোদিত ডিলারের মাধ্যমেই সম্পন্ন করতে হবে।
