পাটনা: সোশ্যাল মিডিয়ায় মহিলাদের হেনস্তা ও নিগ্রহের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বিহারে। বাঁকা ও জামুই জেলায় পৃথক দুটি ন্যক্কারজনক ঘটনায় পুলিশ কড়া আইনি পদক্ষেপ করেছে। বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্র মন্দার হিলে এক মহিলাকে চটি দিয়ে মারধর ও অশালীন আচরণের ঘটনায় ৬ অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে পুলিশ। অন্যদিকে, জামুইয়ে কোচিং থেকে ফেরার পথে এক কিশোরী ও তার বন্ধুকে ঘিরে ধরে নিগ্রহের ঘটনায় এনকাউন্টারের পর প্রধান দুই অভিযুক্ত সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
বাঁকার মন্দার হিলের ঘটনা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যার টাইমস্ট্যাম্প অনুযায়ী ঘটনাটি গত ৩ সেপ্টেম্বর রেকর্ড করা হয়েছিল। ভিডিওটিতে দেখা যায়, কিছু দুর্বৃত্ত এক মহিলার সঙ্গে অশালীন আচরণ করছে এবং তাঁকে চটি দিয়ে মারধর করছে। গত ২২ সেপ্টেম্বর পুলিশের সোশ্যাল মিডিয়া সেলের নজরে ভিডিওটি আসার পর টনক নড়ে প্রশাসনের। এরপর পুলিশের একটি দল মন্দার হিলে গিয়ে স্থানীয় বাসিন্দা ও দোকানদারদের জিজ্ঞাসাবাদ করে ওই স্থান এবং অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালায়।
এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ধারা ৭৪, ৭৫, ৭৬ এবং ৩(৫)-এর পাশাপাশি তথ্যপ্রযুক্তি আইনের (IT Act) ৬৬ই এবং ৬৭এ ধারায় মামলা রুজু করা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটিকে ডিজিটাল প্রমাণ হিসেবে গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ।
জামুইয়ের শ্লীলতাহানির ঘটনায় এনকাউন্টার ও গ্রেফতার
বাঁকার ঘটনার ঠিক আগেই গত ১৯ সেপ্টেম্বর বিহারের জামুই জেলায় আরও একটি নৃশংস ঘটনা ঘটে। কোচিং ক্লাস থেকে বাড়ি ফেরার পথে এক কিশোরী ও তার বন্ধুকে আটকে ঘিরে ধরে একদল যুবক। তাদের উপর শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানি চালানো হয়। অপরাধীরা নিজেরাই সেই ঘটনার ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়, যেখানে কিশোরীকে হেনস্তা ও তার বন্ধুকে হাতজোড় করে আকুতি করতে দেখা যায়।
এই ঘটনায় গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পুলিশ দুই প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশের সঙ্গে এনকাউন্টারের পর গুলিবিদ্ধ অবস্থায় তাদের পাকড়াও করা হয়। এই নিয়ে জামুইয়ের ঘটনায় তিন অপ্রাপ্তবয়স্ক সহ মোট পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ।
চিকিৎসার নামে ভয়ঙ্কর প্রতারণা! হায়দরাবাদে ১২ পাস ডাক্তারের কীর্তি ফাঁস
মুখ্যমন্ত্রী ব্রেকফাস্ট স্কীমের খাবারে টিকটিকি! হাসপাতালে ৩৮ ছাত্র-ছাত্রী
