ফের সরব পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। লাদাখে হিংসার ঘটনার এক বছর পূর্তিতে সুর চড়ালেন তিনি। তাঁকে এনকাউন্টারে মেরে ফেলা হতে পারে, এমনই আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। সোনম বলেছেন কেন্দ্র সরকারের সমালোচনা করার অপরাধে তাঁকে শাস্তি দিতে পারে বিজেপি সরকার। পৃথক রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিলের সুরক্ষার দাবিতে লাদাখ আন্দোলনে চার জনের মৃত্যু নিয়ে এদিন কথা বলতে শোনা গেল সোনমকে।
লাদাখ হিংসার দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বলেও এদিন দাবি করেছেন সোনম। সেই দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলেও বক্তব্য রাখেন তিনি। গত বছরের লাদাখ হিংসার ঘটনার বিচারবিভাগীয় তদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি করেছেন এই সমাজকর্মী। রিপোর্ট সামনে না হলে স্বাধীন পিপলস ট্রাইবুন্যাল গড়ে ঘটনারর তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।
ওয়াংচুকের দাবি গত বছর নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছিল পুলিশ। শান্তিপূর্ণ আন্দোলনের কন্ঠস্বর থামাতে পুলিশ ব্যবহার করেছিল স্বয়ংক্রিয় অস্ত্র, একে ৪৭ রাইফেল। নিহতদের মাথা, বুক ও পিঠে গুলি করেছিল পুলিশ। তবে পরে পুলিশ অভিযোগ অস্বীকার করে। ওয়াংচুক বলেন অমিত শাহের পদত্যাগ করা উচিত। লাদাখে যা ঘটেছে, তার দায় তাঁকে নিতে হবে। তিনি আরও বলেন ওরা আমাকে জেলে পাঠিয়েছে, এখন এমন সম্ভাবনাও রয়েছে যে আমাকে এনকাউন্টারে মেরে ফেলা হতে পারে।
তাঁর দাবি, লাদাখের মানুষ দীর্ঘদিন ধরে পৃথক রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় সাংবিধানিক সুরক্ষার দাবিতে আন্দোলন করছেন। সেই আন্দোলনের মধ্যেই ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর হিংসার ঘটনা ঘটে। পুলিশি গুলিতে চার জন নিহত হন। ওই ঘটনায় পরে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল।
