বৃহস্পতিবার সারাদিন ভিজেছে শহর থেকে জেলা। আজ ১৮ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিনও কি নাজেহাল করবে বৃষ্টি? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এখনও বর্ষা বিদায় হয়নি রাজ্যে। ফলে আজ সারাদিন বৃষ্টির ধারাপাত দেখতে চলেছে রাজ্য (West Bengal Weather)। জেনে নিন কোন কোন জেলা ভাসাবে বর্ষা।
আলিপুর জানাচ্ছে, শুধু জেলা নয়, বিশ্বকর্মা পুজো মাটি হবে কলকাতাতেও (Kolkata weather forecast)। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। রবিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে বলে খবর।
আবহাওয়া দফতর বলছে বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ। যার জেরে প্রচুর জলীয় বাষ্প তৈরি হয়েছে। ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রাজ্যের বেশ কিছু জেলায়। এই কয়েকদিন রোদের দেখা তো মিলবেই না, উল্টে বেশ মেঘলা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়াতে বৃষ্টি বজ্রবিদ্যুৎ -এর পূর্বাভাস রয়েছে বলে খবর। কলকাতা সহ জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রপাত-সহ ঝড়বৃষ্টি হতে পারে। শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বেশি।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি, ঝড়বৃষ্টির তাণ্ডব চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। রয়েছে বজ্রপাতের সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ধ্বসের আশঙ্কা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে আজ ভারী বৃষ্টি হতে পারে। তবে শনিবার থেকে পাহাড়ে বৃষ্টি কমবে বলে জানা গিয়েছে।
বর্ষা কবে যাবে, আপাতত এ প্রশ্ন সবার। মৌসম ভবন বলছে পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ১৯শে সেপ্টেম্বরের মধ্যে রাজস্থানের বেশ কিছু জেলা থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সরে যাবে। এরপরেই ধীরে ধীরে বর্ষা বিদায় নেবে দেশ থেকে।
