কলকাতা: ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে বড়সড় বদল আনতে চলেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। আগামী ১৫ অক্টোবর, ২০২৬ থেকে ইউপিআই (UPI) লেনদেনের ক্ষেত্রে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর (MDR) কাঠামো কার্যকর করার কথা ঘোষণা করেছে এনপিসিআই। তবে সাধারণ গ্রাহক ও ছোট ব্যবসায়ীদের স্বস্তি বজায় রেখে বড় ঘোষণা করেছে কেন্দ্র। জানানো হয়েছে, সাধারণ মানুষের পকেট থেকে ইউপিআই পেমেন্টের জন্য কোনো অতিরিক্ত চার্জ কাটা হবে না।
সাধারণ গ্রাহকদের জন্য ইউপিআই সম্পূর্ণ ফ্রি
নতুন এই নিয়ম চালুর পরেও সাধারণ গ্রাহকদের জন্য ইউপিআই ব্যবহার আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে থাকছে। পেমেন্ট করার সময় গ্রাহককে কোনো অতিরিক্ত লেনদেন ফি দিতে হবে না। এমনকি পার্সন টু পার্সন (P2P) অর্থাৎ বন্ধু, পরিবার বা নিজেদের অ্যাকাউন্টের মধ্যে টাকা পাঠানোর ক্ষেত্রেও কোনো চার্জ লাগবে না। পাশাপাশি, ইউপিআই অ্যাপগুলি কোনো প্ল্যাটফর্ম ফি বা লুকানো চার্জ কাটতে পারবে না বলে স্পষ্ট নির্দেশিকা দিয়েছে অর্থ মন্ত্রক।
কাদের জন্য প্রযোজ্য হবে নতুন এমডিআর (MDR)?
বড় অঙ্কের লেনদেন: আগামী ১৫ অক্টোবর থেকে ২,০০০ টাকার বেশি পরিমাণের পার্সন টু মার্চেন্ট (P2M) ইউপিআই লেনদেনের ক্ষেত্রে ০.৪ শতাংশ এমডিআর ধার্য করা হবে। তবে ৭৫,০০০ টাকা বা তার বেশি অঙ্কের লেনদেনের ক্ষেত্রে এই এমডিআর সর্বোচ্চ ৩০০ টাকা নির্দিষ্ট (Capped) করা হয়েছে।
ছোট ব্যবসায়ীদের ছাড়: যে সমস্ত ছোট ব্যবসায়ী বা রাস্তার বিক্রেতারা পিটুপিএম (P2PM) ক্যাটাগরির আওতায় কিউআর কোডের মাধ্যমে প্রতি মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট গ্রহণ করেন, তাঁদের সমস্ত লেনদেন সম্পূর্ণ জিরো এমডিআর (Zero MDR)-এর আওতাতেই থাকবে। এর জন্য আলাদা করে জিএসটি (GST) রেজিস্ট্রেশনেরও প্রয়োজন নেই।
বিশেষ ক্ষেত্রে বিশেষ চার্জ ও ছাড়ের নিয়ম
নির্দিষ্ট কিছু ক্ষেত্র: জ্বালানি তেল (পেট্রোল পাম্প), রেলওয়ে, টেলিকম এবং বীমার প্রিমিয়াম পরিশোধের ক্ষেত্রে ২,০০০ টাকার বেশি লেনদেনে ০.৪ শতাংশের পরিবর্তে একটি ফ্ল্যাট ৫ টাকা এমডিআর প্রযোজ্য হবে। জল, বিদ্যুৎ এবং গ্যাস বিলের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে।
মিউচুয়াল ফান্ড ও ক্যাপিটাল মার্কেট: শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা সিকিউরিটিজ সম্পর্কিত লেনদেনের ক্ষেত্রে আলাদাভাবে ০.০২ শতাংশ এমডিআর ধার্য করা হয়েছে, যার সর্বোচ্চ সীমা ৩০০ টাকা।
অটো-পে ও ক্রেডিট কার্ড: ইউপিআই অটো-পে (AutoPay) বা মাসিক স্বয়ংক্রিয় পেমেন্ট এবং ইউপিআই-এর সঙ্গে যুক্ত রুপে (Rupee) ক্রেডিট কার্ডের লেনদেন এই কাঠামোর আওতাভুক্ত নয়, এগুলির জন্য আলাদা নিয়ম প্রযোজ্য হবে।
ভারতকে মৃত অর্থনীতি সমালোচকদের মুখে ঝামা ঘষে বৈদেশিক মুদ্রা রিসার্ভে ৪ নম্বরে ভারত
উৎসবের আগে বড় উপহারের সম্ভাবনা: ৪ শতাংশ পর্যন্ত ডিএ বাড়াতে পারে কেন্দ্র
