আইএফএ শিল্ডে কোন গ্রুপে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান?

সায়ন সেনগুপ্ত, কলকাতা: হাতে আর একটি ম্যাচ। তারপরেই চূড়ান্ত হয়ে যাবে এবারের প্রিমিয়ার ডিভিশন লিগের বিজয়ী দলের নাম। উল্লেখ্য, বিগত কয়েক মরসুম ধরেই এই ঘরোয়া…

ifa-shield-2026-groups-east-bengal-mohun-bagan-mohammedan-sporting

সায়ন সেনগুপ্ত, কলকাতা: হাতে আর একটি ম্যাচ। তারপরেই চূড়ান্ত হয়ে যাবে এবারের প্রিমিয়ার ডিভিশন লিগের বিজয়ী দলের নাম। উল্লেখ্য, বিগত কয়েক মরসুম ধরেই এই ঘরোয়া ট্রফিতে নিজেদের আধিপত্য বজায় রেখেছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। এমনকি এবারের এই কলকাতা ফুটবল লিগেও প্রথম থেকেই যথেষ্ট দাপট থেকেছে লাল-হলুদের। একের পর এক ম্যাচে সহজেই আসতে শুরু করেছিল জয়। গ্রুপ পর্বের কয়েকটি ম্যাচে পয়েন্ট নষ্ট করতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা অসুবিধা হয়নি। যারফলে অনায়াসেই সুপার সিক্সে‌ স্থান করে নেয় মশাল ব্রিগেড।

Advertisements

তবে চ্যাম্পিয়নশিপ রাউন্ডের প্রথম থেকেই হতাশাজনক পারফরম্যান্স রয়েছে এই দলের। ইস্টবেঙ্গলের তুলনায় এই খেতাব জয়ের দৌড়ে বর্তমানে অনেকটাই এগিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। বলাবাহুল্য, এই দুই প্রধানের ম্যাচের মধ্য দিয়েই হয়তো স্পষ্ট হয়ে যাবে যে এবার কাদের হাতে উঠতে চলেছে এই ট্রফি। কলকাতা লিগ চলাকালীন বহুবার উঠে আসতে শুরু করেছিল আইএফএ শিল্ডের (IFA Shield) বিষয়টি। তবে এই ঐতিহাসিক টুর্নামেন্ট আয়োজনের দিনক্ষণ ঘোষণা করার অপেক্ষায় ছিল সকলে। অবশেষে গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে টুর্নামেন্টের গ্রুপ পর্ব ও শুরুর দিনক্ষণ।

   

সেই অনুসারে আগামী ২২শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এই ঐতিহাসিক শিল্ড। যেখানে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে মোট ছয়টি দলকে। গ্রুপ ‘ওয়ান’ এ থাকছে ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ক্লাব এবং পাঞ্জাব এফসি। অন্যদিকে, গ্ৰুপ ‘টু’ তে স্থান পেয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট, শ্রীনিধি ডেকান ফুটবল ক্লাব এবং নর্থইস্ট ইউনাইটেড। ২২ তারিখ বিকেল তিনটে নাগাদ একে অপরের মুখোমুখি হবে মহামেডান স্পোর্টিং ক্লাব এবং ইস্টবেঙ্গল। অপরদিকে, ২৩ তারিখ নিজেদের ক্লাবের মাঠেই শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে সবুজ-মেরুন।

উল্লেখ্য, এই টুর্নামেন্টের একাধিক ম্যাচের ভেন্যু এখনও পর্যন্ত স্পষ্ট নয়। খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে সেই সমস্ত কিছু।

Advertisements
Advertisements