কলকাতা: মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামের পীঠাধ্যক্ষ ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল ভবানীপুর থানার সামনের বিক্ষোভের ঘটনায় সরাসরি কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিধানসভায় কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক-শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিল নিয়ে আলোচনার সময় মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রকাশ্য রাস্তায় ‘বাগেশ্বর বাবা’-র ছবি পুড়িয়ে যাঁরা আইনশৃঙ্খলা বিঘ্নিত করেছেন, তাঁদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
সম্প্রতি হাওড়ার লিলুয়ায় ‘হনুমান কথা’র আসরে যোগ দিয়ে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী মন্তব্য করেছিলেন যে, দুর্গাপুজোর প্যান্ডেলের পেছনে আমিষ খাবার তৈরি বা খাওয়া হয় এবং বাংলার হিন্দুদের এই ধরনের বিষয় প্রতিহত করা উচিত। পুজোর সময়ে আমিষ ভক্ষণকারীদের ‘পাখণ্ডি’ বলেও তোপ দাগেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক দানা বাঁধে। এর পরেই কলকাতার ভবানীপুর থানার সামনে জমায়েত হয়ে একদল বিক্ষোভকারী তাঁর ছবি পুড়িয়ে তীব্র প্রতিবাদ জানান।
বিধানসভার ফ্লোর থেকে এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী আক্রমণ শানিয়ে বলেন, লিলুয়ায় আসা ওই সন্ত রাষ্ট্রবাদ ও দেশপ্রেমের কথা বলেছেন, যা পছন্দ না হলে কেউ নাও মানতে পারেন, কিন্তু তার জেরে থানায় বিক্ষোভ দেখিয়ে ছবি পোড়ানো বরদাস্ত করা হবে না। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজ্যে আর কোনোভাবেই তোষণ নীতি চলতে দেওয়া হবে না। উল্লেখ্য, বাগেশ্বর ধামের এই সাধকের বিতর্কিত মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে কংগ্রেস।
