দেশে প্রথম! দূরপাল্লার পর এ বার লোকাল ট্রেনেও সফল ‘কবচ’ পরীক্ষা হাওড়ায়

কলকাতা: দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের পর এ বার লোকাল ট্রেনেও জুড়তে চলেছে অত্যাধুনিক সুরক্ষাবলয়। দেশের মধ্যে প্রথম বার পূর্ব রেলের হাওড়া ডিভিশনে লোকাল বা ইএমইউ (EMU)…

কলকাতা: দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের পর এ বার লোকাল ট্রেনেও জুড়তে চলেছে অত্যাধুনিক সুরক্ষাবলয়। দেশের মধ্যে প্রথম বার পূর্ব রেলের হাওড়া ডিভিশনে লোকাল বা ইএমইউ (EMU) রেকে সফল ভাবে পরীক্ষিত হল ‘কবচ ৪.০’ (Kavach 4.0) প্রযুক্তি। এর ফলে লোকাল ট্রেনের নিত্যযাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হল।

Advertisements

রেল সূত্রের খবর, সম্প্রতি হাওড়া কারশেডের একটি সাধারণ ইএমইউ রেককে বেছে নিয়ে হাওড়া-বর্ধমান কর্ড লাইনে এই স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা (ATP) ব্যবস্থার চূড়ান্ত ট্রায়াল রান করা হয়। রেলকর্তাদের মতে, এই প্রযুক্তির অন্যতম মূল লক্ষ্য হল চালকের ভুলে সিগন্যাল ভাঙার প্রবণতা (SPAD) সম্পূর্ণ নির্মূল করা। ট্রায়াল রানের সময় দেখা গিয়েছে, চালক কোনও কারণে লাল সিগন্যাল খেয়াল না করে এগিয়ে গেলেও, এই প্রযুক্তি নিজে থেকেই স্বয়ংক্রিয় ব্রেক কষে ট্রেনটিকে বিপদসীমার আগেই থামিয়ে দিচ্ছে।

   

এ দিনের পরীক্ষায় আরও বেশ কয়েকটি বিষয় খতিয়ে দেখা হয়। এখন থেকে চালকের সামনের স্ক্রিন বা ড্রাইভার মেশিন ইন্টারফেসে (DMI) রিয়েল-টাইম সিগন্যালের অবস্থা ফুটে উঠবে। ফলে দৃশ্যমানতা কম থাকলেও সিগন্যাল বুঝতে কোনও সমস্যা হবে না। বিশেষ আপৎকালীন পরিস্থিতিতে সিগন্যাল ওভার-রাইড করার অনুমতি দেওয়া হলেও, স্বয়ংক্রিয় ভাবে ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫ কিলোমিটারের মধ্যে বেঁধে রাখছে এই ‘কবচ’ সিস্টেম।

পাশাপাশি, মাঝপথে ট্রেন আচমকা বিকল হলে বা বিপদে পড়লে চালক যাতে সরাসরি স্টেশন মাস্টারকে এসওএস (SOS) বার্তা পাঠাতে পারেন, সেই ব্যবস্থাও এ দিন সফল ভাবে পরীক্ষিত হয়েছে। পূর্ব রেলের আধিকারিকদের মতে, লোকাল ট্রেনে এই অভেদ্য প্রযুক্তির প্রয়োগ দুর্ঘটনা রোধে এক বিরাট মাইলফলক হতে চলেছে।

Advertisements

বাংলায় বাল্যবিবাহ রোধে পকসো আইনের অধীনে কড়া পদক্ষেপ শুভেন্দুর! গ্রেফতার হবে পুরোহিতও

দুর্গাপুজোর অষ্টমীতে ড্রাই ডে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Advertisements