নিউমার্কেটে অগ্নিকাণ্ড: তৃণমূলকে দুষলেন অগ্নিমিত্রা, তদন্তভার সিটকে

কলকাতা: কোনও নিয়মনীতির তোয়াক্কা না করেই বহুতলের ভেতরে রমরমিয়ে চলছিল একাধিক হোটেল। মানা হয়নি দমকল বা কলকাতা পুরসভার কোনও নির্দেশিকাই! মধ্যরাতে কলকাতার নিউমার্কেট এলাকার হোটেলে…

কলকাতা: কোনও নিয়মনীতির তোয়াক্কা না করেই বহুতলের ভেতরে রমরমিয়ে চলছিল একাধিক হোটেল। মানা হয়নি দমকল বা কলকাতা পুরসভার কোনও নির্দেশিকাই! মধ্যরাতে কলকাতার নিউমার্কেট এলাকার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর পর এবার সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর বেনিয়মের ছবি। আর এই অব্যবস্থার জন্য সরাসরি পূর্বতন তৃণমূল সরকার, কলকাতা পুরসভা এবং সিইএসসি (CESC)-কে কাঠগড়ায় তুললেন রাজ্যের বর্তমান মন্ত্রীরা। ঘটনার তদন্তে ইতিমধ্যেই ডিসিডিডি (DCDD)-র নেতৃত্বে গঠিত হয়েছে বিশেষ কমিটি।

Advertisements

ঘুপচি ঘরে দেদার এসি, হত অমান্য বিধি

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যে বহুতলটিতে আগুন লেগেছিল, তার ভেতরে বেআইনিভাবে একাধিক হোটেল চলত। ঘরগুলি ছিল অত্যন্ত ছোট ও ঘুপচি আকারের। অথচ সেখানে প্রচুর সংখ্যায় এসি (AC) চলত। মূলত ভিনরাজ্য এবং বাংলাদেশ থেকে আসা মানুষেরাই এই এলাকার হোটেলগুলিতে এসে উঠতেন। অগ্নিনির্বাপণ ব্যবস্থা বা পুরসভার কোনও নিয়মই সেখানে মানা হয়নি বলে অভিযোগ।

   

তৃণমূলকে তোপ মন্ত্রীদের

বুধবার সকালেই অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায় এবং দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী। পরিস্থিতি খতিয়ে দেখে ক্ষোভ উগরে দেন মন্ত্রী অগ্নিমিত্রা। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, “একটি বহুতলের মধ্যে এতগুলো হোটেল কীভাবে চলত? সিইএসসি কীভাবে এতগুলো এসি চালানোর অনুমতি দিল? আগের তৃণমূল সরকারের আমলে কলকাতা পুরসভা কীভাবে এদের ট্রেড লাইসেন্স দিল?”

তৃণমূল আমলের দুর্নীতির দিকে আঙুল তুলে মন্ত্রী আরও জানান, এবার থেকে কলকাতা পুরসভার আওতাধীন সমস্ত হোটেলের কড়া অডিট করা হবে।

Advertisements

একই সুরে সুর মিলিয়েছেন দমকলমন্ত্রী কৌশিক চৌধুরীও। তিনি বলেন, “আগের তৃণমূল কংগ্রেসের আমলের অভিশাপ আমাদের এখন বহন করতে হচ্ছে। কীভাবে এখানে হোটেল করার অনুমতি দেওয়া হয়েছিল এবং কীভাবে ট্রেড লাইসেন্স পেয়েছিল, তা খতিয়ে দেখতে কমিটি গঠন করে পূর্ণাঙ্গ তদন্ত হবে।”

তদন্তে পুলিশ ও দমকল

ঘটনার গুরুত্ব বুঝে ইতিমধ্যেই তৎপর হয়েছে প্রশাসন। পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত (সুয়োমোটো) মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। ডিসিডিডি-র নেতৃত্বে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি দমকল বিভাগের তরফ থেকেও একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে পলাতক ওই বহুতল ও হোটেলের মালিকদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।

প্রবল বৃষ্টিতে বিপর্যয়! ভেঙে পড়ল ২০০ বছরের পুরনো বাড়ি, দেওয়াল চাপা পড়ে মৃত বৃদ্ধা

রক্ষকই ভক্ষক! গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত সাব-ইন্সপেক্টর

 

 

Advertisements