কলকাতা: আগামী ১৮ অগস্ট, মঙ্গলবার মনসা পুজো উপলক্ষে রাজ্যের দুই জেলায় অর্ধদিবস ছুটি (Half-day Holiday) ঘোষণা করল রাজ্য সরকার। মূলত বাঁকুড়া এবং পুরুলিয়া, জঙ্গলমহলের এই দুই জেলার জন্যই এই বিশেষ ছুটির কথা ঘোষণা করা হয়েছে।
রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৮ অগস্ট মনসা পুজোর দিন বাঁকুড়া ও পুরুলিয়া জেলার সমস্ত সরকারি অফিস, স্থানীয় প্রশাসনের অফিস এবং সমস্ত সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান দুপুর ২টোয় বন্ধ হয়ে যাবে। অর্থাৎ, এই দুই জেলায় রাজ্য সরকারের অধীনে থাকা সমস্ত প্রতিষ্ঠানেই দুপুর ২টোর পর থেকে অর্ধদিবস ছুটি কার্যকর হবে। জঙ্গলমহলের এই জেলাগুলিতে মনসা পুজো অত্যন্ত বড় উৎসব হিসেবে পালিত হয়, আর সেই কারণেই সাধারণ মানুষের আবেগকে সম্মান জানিয়ে রাজ্য সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কবে, কখন পুজো?
হিন্দু পঞ্জিকা ও পুরাণ অনুযায়ী, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে নাগপঞ্চমী পালিত হয়। এবছর ১৬ অগস্ট বিকেল ৪টে ৫২ মিনিটে এই তিথি শুরু হয়েছে, যা শেষ হবে ১৭ অগস্ট বিকেল ৫টায়। উদয়া তিথি অনুযায়ী ১৭ অগস্ট, সোমবার নাগপঞ্চমী পালিত হচ্ছে। এদিন মনসাদেবীর পুজোর শুভ সময় ভোর ৬টা ৮ মিনিট থেকে সকাল ৮টা ৩৯ মিনিট পর্যন্ত। তবে রীতি অনুযায়ী, অনেক জায়গায় মঙ্গলবারও দেবী মনসার পুজো অনুষ্ঠিত হয়।
দেবী মনসার জন্মবৃত্তান্ত ও পুরাণ-কথা
পুরাণ মতে, সর্পদংশনের ভয় থেকে মর্ত্যের মানুষকে বাঁচাতে প্রজাপতি ব্রহ্মা কশ্যপ মুনিকে একটি মন্ত্র আবিষ্কারের আদেশ দিয়েছিলেন। ব্রহ্মার আদেশে কশ্যপ মুনি যখন এই বিষয়ে গভীরভাবে চিন্তা (মননক্রিয়া) করছিলেন, ঠিক সেই সময় তাঁর মন থেকে এক স্বর্ণবর্ণা দেবীর আবির্ভাব হয়। ‘মন’ থেকে জন্ম নেওয়ার কারণেই তাঁর নাম হয় ‘মনসা’। তবে কোথাও কোথাও তাঁকে দেবাদিদেব মহাদেবের মানসকন্যা বলেও উল্লেখ করা হয়েছে।
শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, প্রবল বৃষ্টির সতর্কতা! দক্ষিণবঙ্গের ৩ জেলায় লাল সতর্কতা
তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন! ৫ জনের মৃত্যুর আশঙ্কা, হাসপাতালে ভর্তি একাধিক
