প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে বিনামূল্যে অনলাইন কোচিং! বড় ঘোষণা মোদীর

নয়াদিল্লি: প্রতিযোগিতামূলক পরীক্ষার (Competitive Exams) প্রস্তুতির জন্য এবার থেকে দেশের যুবসমাজকে বিনামূল্যে অনলাইন কোচিং (Free Online Coaching) দেবে কেন্দ্র। শনিবার, স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির…

নয়াদিল্লি: প্রতিযোগিতামূলক পরীক্ষার (Competitive Exams) প্রস্তুতির জন্য এবার থেকে দেশের যুবসমাজকে বিনামূল্যে অনলাইন কোচিং (Free Online Coaching) দেবে কেন্দ্র। শনিবার, স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে ছাত্রছাত্রী ও চাকরিপ্রার্থীদের জন্য এই বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের কাঁধ থেকে কোচিংয়ের বিপুল আর্থিক চাপ কমাতেই সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

Advertisements

কী বললেন প্রধানমন্ত্রী?

শনিবার লালকেল্লার ভাষণে দেশের যুবসমাজ এবং তাদের পরিবারের উদ্বেগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “কোচিং ক্লাসকে ঘিরে তৈরি হওয়া এই প্রতিযোগিতা মধ্যবিত্ত পরিবারের উপর বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক বাবা-মায়ের মনে হয়, সন্তানকে কোচিং সেন্টারে না পাঠালে সে হয়তো পিছিয়ে পড়বে। এমনকী এমনও পরিস্থিতি তৈরি হয়, যেখানে তাঁদের মনে হয়, তাঁরা যেন সম্মানজনক পরিবারের অংশ নন!”

   

প্রধানমন্ত্রী আরও জানান, কোচিংয়ের পিছনে দেশের পরিবারগুলি প্রতি বছর যে হাজার হাজার কোটি টাকা খরচ করে, সেই বিরাট আর্থিক বোঝা কমাতেই সরকারের এই পদক্ষেপ। তাঁর কথায়, যুবসমাজ যাতে নিজেদের পরিবারের কাছাকাছি থেকেই পড়াশোনা করার সুযোগ পায় এবং পরিবারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না পড়ে, সেই লক্ষ্যেই এই বিনামূল্যে অনলাইন কোচিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।

কীভাবে বাস্তবায়িত হবে এই প্রকল্প?

কেন্দ্রের এই উদ্যোগ কীভাবে কাজ করবে, তারও একটি প্রাথমিক ধারণা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, দেশের শক্তিশালী ডিজিটাল পরিকাঠামোকে কাজে লাগিয়ে এই কোচিংয়ের ব্যবস্থা করা হবে। এর জন্য দেশের অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের সাহায্য নেওয়া হবে, যাতে প্রত্যন্ত এলাকার পড়ুয়ারাও ঘরে বসে সেরা গাইডেন্স পায়।

Advertisements

ঘোষণার প্রেক্ষাপট ও তাৎপর্য

রাজনৈতিক ও শিক্ষামহলের মতে, কেন্দ্রের এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, এই ঘোষণা এমন একটা সময়ে এল, যখন সম্প্রতি সর্বভারতীয় স্তরের বিভিন্ন পরীক্ষায় (যেমন নিট বা নেট) বেনিয়ম এবং প্রশ্নফাঁসের অভিযোগে দেশজুড়ে রাস্তায় নেমেছে যুবসমাজ। কয়েক সপ্তাহ আগেই দিল্লির যন্তর মন্তরে পরীক্ষার্থীদের বড়সড় বিক্ষোভ হয়। সেই ক্ষোভের আবহে এবং বেকারত্ব নিয়ে বিরোধীদের লাগাতার আক্রমণের মাঝেই প্রধানমন্ত্রীর এই বিনামূল্যে কোচিংয়ের ঘোষণা যুবসমাজের মন জয়ের এক বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

সেনাবাহিনীর সাইবার সিস্টেমের শক্তি বাড়াতে নয়া প্রযুক্তি ‘আশ্বস্ত’

ইতিহাসে প্রথমবার! ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় গাওয়া হল ‘বন্দে মাতরম’

Advertisements