১৫ অগস্টের আগে দিল্লিতে হাই অ্যালার্ট! প্রকাশ্যে ১৯ ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গির পোস্টার

নয়াদিল্লি: স্বাধীনতা দিবসের আগে কড়া নিরাপত্তায় মুড়ল রাজধানী। ১৫ অগস্টকে সামনে রেখে দিল্লিতে জারি করা হল ‘হাই অ্যালার্ট’। সম্ভাব্য নাশকতার ছক বানচাল করতে আগেভাগেই তৎপর…

নয়াদিল্লি: স্বাধীনতা দিবসের আগে কড়া নিরাপত্তায় মুড়ল রাজধানী। ১৫ অগস্টকে সামনে রেখে দিল্লিতে জারি করা হল ‘হাই অ্যালার্ট’। সম্ভাব্য নাশকতার ছক বানচাল করতে আগেভাগেই তৎপর হয়েছে দিল্লি পুলিশ। সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে আল কায়দা, ইন্ডিয়ান মুজাহিদিন এবং খালিস্তানি জঙ্গি সংগঠনের ১৯ জন ‘মোস্ট ওয়ান্টেড’ বা কুখ্যাত সন্ত্রাসবাদীর ছবি-সহ পোস্টার প্রকাশ করল তারা। এই জঙ্গিদের সম্পর্কে কোনও তথ্য দিতে পারলে পুলিশের তরফে উপযুক্ত পুরস্কারের কথাও ঘোষণা করা হয়েছে।

Advertisements

দিল্লি পুলিশের তরফে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, জনবহুল মোড় এবং বাজারগুলিতে এই পোস্টারগুলি লাগানো হয়েছে। প্রকাশিত তালিকায় থাকা ১৯ জন জঙ্গির মধ্যে রয়েছে ইন্ডিয়ান মুজাহিদিনের রিয়াজ ভটকল এবং শাবান্দ্রি মহম্মদ ইকবাল ওরফে ইকবাল ভটকল। আল কায়দার সঙ্গে যুক্ত মহম্মদ শারজিল আখতার, আবু সুফিয়ান এবং সৈয়দ মহম্মদ আরশিয়ানের নাম ও ছবিও রয়েছে ওই পোস্টারে। পাশাপাশি, বেশ কয়েক জন কুখ্যাত খালিস্তানি জঙ্গির খোঁজেও তল্লাশি জোরদার করা হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল, খালিস্তান জিন্দাবাদ ফোর্সের রঞ্জিত সিংহ ওরফে নীতা ও পরমজিৎ সিংহ পাম্মা এবং খালিস্তান টাইগার ফোর্সের আর্শদীপ সিংহ ওরফে আর্শ ডালা। এ ছাড়াও বব্বর খালসা ইন্টারন্যাশনাল (BKI)-এর হরবিন্দর সিংহ সান্ধু ওরফে রিণ্ডা, ওয়াধওয়া সিংহ বব্বর এবং গুরমিত সিংহ বাজ্ঞার মতো ওয়ান্টেড জঙ্গিদের ছবি দিয়েও পোস্টার সাঁটানো হয়েছে।

   

পুলিশ সূত্রের খবর, ১৫ অগস্ট বা ২৬ জানুয়ারির মতো জাতীয় উৎসবের দিনগুলিতে দিল্লিতে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা থাকে। সেই কারণে অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে সমন্বয় বাড়িয়ে নজরদারি কয়েক গুণ বৃদ্ধি করেছে দিল্লি পুলিশ। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার, বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, ধর্মীয় স্থান এবং সংবেদনশীল এলাকাগুলিতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

নিরাপত্তা সুনিশ্চিত করতে সাধারণ মানুষের কাছেও বিশেষ আবেদন জানিয়েছে দিল্লি পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, পোস্টারে থাকা সন্দেহভাজন জঙ্গিদের কারও সম্পর্কে কোনও খবর পেলে বা সন্দেহজনক কোনও কার্যকলাপ চোখে পড়লে অবিলম্বে পুলিশকে জানাতে হবে। এর জন্য পুলিশ কন্ট্রোল রুমের ১১২ নম্বর ডায়াল করে বা স্পেশাল সেলের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। যে বা যাঁরা এই জঙ্গিদের সম্পর্কে সঠিক তথ্য দিতে পারবেন, তাঁদের উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি, খবর দেওয়া ব্যক্তির নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বাস দিয়েছে পুলিশ।

Advertisements

স্বস্তি পেলেন আদানি! মার্কিন আদালতে খারিজ হয়ে গেল সমস্ত অভিযোগ

চিনের বিরুদ্ধে ‘ম্যাপ-স্ট্রাইক’! অরুণাচলে কী করল ভারত, কেন ফুঁসছে বেজিং?

Advertisements