কলকাতা: দিন কয়েকের স্বস্তির পর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখরাঙানি। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা শক্তি বাড়িয়ে বুধবারের মধ্যেই নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দোসর হয়েছে মৌসুমি অক্ষরেখা। বর্তমানে সেটি দিঘার উপর দিয়ে বিস্তৃত। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখার এই জোড়া ফলায় গোটা রাজ্য জুড়েই ফের বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। যার জেরে বুধবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির দাপট উল্লেখযোগ্য ভাবে বাড়তে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্তের প্রভাবে বুধবার থেকেই দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি শুরু হবে। বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির পরিমাণ ও তীব্রতা আরও বাড়বে। ওই দু’দিন দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ায় ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির পাশাপাশি উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ায় কড়া নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দিনভর ভ্যাপসা গরমের পর সন্ধ্যায় শহরে ভালই বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত শহরে মোট ৬৮.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকলেও রোদ উঠবে। তবে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৯ শতাংশ ছুঁয়ে ফেলায় দিনভর ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত চরম অস্বস্তি ভোগাবে শহরবাসীকে। এর মাঝেই বিক্ষিপ্ত ভাবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার পারদে বিশেষ হেরফের হবে না (সোমবার শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৩.২ এবং ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস)।
অন্য দিকে, উত্তরবঙ্গেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। মঙ্গলবার মালদহ এবং দুই দিনাজপুরে বিক্ষিপ্ত ভাবে ঝড়-বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার বৃষ্টির দাপট কিছুটা কমলেও বৃহস্পতিবার থেকে ফের তা বাড়বে। আগামী রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে, উত্তরের এই পাঁচ জেলায় বৃষ্টির তীব্রতা আরও বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা
জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,
