মস্কো: চার বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অন্যতম ভয়াবহ হামলা চালাল কিভ। রাশিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত তাতারস্তান প্রদেশে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৭৫ জন। সোমবার আঞ্চলিক প্রশাসনের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। ইউক্রেন সীমান্ত থেকে হাজার কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত এই অঞ্চলে এমন বড়সড় হামলা মস্কোর প্রশাসনিক ও সামরিক মহলের উদ্বেগ অনেকটাই বাড়িয়েছে।
মূলত তাতারস্তানের শিল্পশহর নিঝনেকামস্ক-কে নিশানা করে এই ড্রোন হামলা চালানো হয়েছে। এই অঞ্চলটি রাশিয়ার অন্যতম প্রধান জ্বালানি-উৎপাদনকারী এলাকা এবং এখানে বেশ কয়েকটি বড় তেল শোধনাগার রয়েছে। রুশ আগ্রাসনের পাল্টা আঘাত হানতেই ইউক্রেন এই শোধনাগারগুলিকে নিশানা করেছে বলে খবর। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিয়োয় (যার সত্যতা যাচাই করা যায়নি) নিঝনেকামস্কের একটি তেল শোধনাগার সংলগ্ন এলাকা থেকে বিশাল কালো ধোঁয়া উড়তে দেখা গিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের অবশ্য দাবি, রাতভর অভিযান চালিয়ে তারা ইউক্রেনের ৪৫৬টি ড্রোন গুলি করে নামিয়েছে। যদিও কতগুলি ড্রোন নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পেরেছে, তা নিয়ে মস্কো নীরব। এ ছাড়াও রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলেও ইউক্রেনের হামলায় এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
অন্য দিকে, প্রত্যাঘাত শানিয়েছে রাশিয়াও। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, ওই দিন রাতে ইউক্রেনের উপর অন্তত ১২৬টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের উত্তর-পূর্ব খারকিভ প্রদেশের বুগাইভকা গ্রামে রাশিয়ার ভয়াবহ আর্টিলারি বা গোলাবর্ষণে অন্তত পাঁচ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। আঞ্চলিক প্রসিকিউটর অফিস জানিয়েছে, ১০ অগস্ট আবাসিক এলাকা লক্ষ্য করে হওয়া এই হামলায় একাধিক বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পাশাপাশি, যুদ্ধবিধ্বস্ত খেরসন অঞ্চলে একটি ট্যাক্সির উপর রুশ ড্রোন হামলায় আরও এক ব্যক্তির প্রাণ গিয়েছে।
রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, চলতি বছরে রাশিয়া এবং ইউক্রেন, উভয় পক্ষই তাদের দূরপাল্লার হামলার ঝাঁজ উল্লেখযোগ্য ভাবে বাড়িয়েছে। আর এই সামরিক সংঘাতের জেরে দু’পক্ষেই সাধারণ নাগরিকের মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। লোকালয় এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলির উপর এই লাগাতার হামলা আন্তর্জাতিক মহলের কাছেও যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
মোদীর কূটনৈতিক চালে ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে একান্ত বৈঠক বেসুরো বালেনের
পশ্চিম এশিয়ার যুদ্ধের দামামা! ইরানকে রুখতে ২০টি যুদ্ধজাহাজ পাঠাল আমেরিকা
