নয়াদিল্লি: ১৩ বছরের কম বয়সি শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া এবং অনলাইন গেমিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে এ বার জারি হতে পারে কড়া নিষেধাজ্ঞা। অভিভাবকের সম্মতি বা ‘ভেরিফায়েড পেরেন্টাল কন্ট্রোল’ ছাড়া এই বয়সি শিশুরা আর ওই প্ল্যাটফর্মগুলিতে যুক্ত হতে পারবে না। শিশুদের সুস্থ ইন্টারনেট পরিষেবা দিতে এবং ক্ষতিকর কনটেন্ট থেকে তাদের দূরে রাখতে এমনই একগুচ্ছ প্রস্তাব দিয়ে সংসদে আসতে চলেছে একটি ‘প্রাইভেট মেম্বার্স বিল’।
বিজেপি সাংসদ বৈজয়ন্ত পণ্ডার উদ্যোগে এই বিলটি আনা হচ্ছে, যার পোশাকি নাম ‘সেফগার্ডিং হেলদি ইন্টারনেট এনভায়রনমেন্টস ফর লিটল ডিজিটাল-নেটিভস (শিল্ড বা SHIELD) বিল, ২০২৫’। এই বিলে শিশুদের অনলাইন কার্যকলাপের উপর নজরদারি এবং তাদের লক্ষ্য করে ‘টার্গেটেড বিজ্ঞাপন’ চালানোর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির উপর কড়া পদক্ষেপের প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাবিত এই বিলে মূলত চারটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। প্রথমত, ‘এজ গেট’ বা বয়সের গণ্ডি। ১৩ বছরের কম বয়সিদের অ্যাকাউন্ট খুলতে অভিভাবকের যাচাইকৃত সম্মতি বা পেরেন্টাল কন্ট্রোল বাধ্যতামূলক করা। দ্বিতীয়ত, ট্র্যাকিং ও টার্গেটেড অ্যাড বন্ধ করা। শিশুদের পছন্দ বা আচরণের উপর ভিত্তি করে প্রোফাইলিং করা বা পার্সোনালাইজড বিজ্ঞাপন দেখানো যাবে না। তৃতীয়ত, পর্নোগ্রাফি, জুয়া বা বেটিং, মাদক এবং উস্কানিমূলক বা চরমপন্থী বিষয়বস্তু থেকে শিশুদের দূরে রাখার সম্পূর্ণ দায়ভার নিতে হবে প্ল্যাটফর্মগুলিকে। চতুর্থত, প্ল্যাটফর্মগুলিকে একটি ‘পেরেন্টাল কন্ট্রোল ড্যাশবোর্ড’ তৈরি করতে হবে, যার মাধ্যমে অভিভাবকরা সন্তানের সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় (স্ক্রিন টাইম) সীমিত করতে এবং প্রাইভেসি সেটিংসে বদল আনতে পারবেন।
শুক্রবারই সংসদে এই শিল্ড বিল-সহ দু’টি প্রাইভেট মেম্বার্স বিল পেশ হওয়ার কথা ছিল। কিন্তু বারবার অধিবেশন মুলতুবি হয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। দ্বিতীয় বিলটি ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কোনও ব্যক্তির অবিকল নকল বা ‘ডিপফেক’ তৈরির অপব্যবহার রুখতে।
তবে ওয়াকিবহাল মহলের মতে, শিল্ড বিলটি এখনই আইনে পরিণত হচ্ছে না। কারণ, এটি সরকারি নয়, বরং এক জন সাংসদের ব্যক্তিগত উদ্যোগে আনা ‘প্রাইভেট মেম্বার্স বিল’। পরিসংখ্যান বলছে, স্বাধীনতার পর থেকে এ যাবৎকালের ইতিহাসে মাত্র এক ডজনের মতো এমন বিল সংসদে পাশ হয়ে আইনে পরিণত হয়েছে। ফলে এখনই সোশ্যাল মিডিয়া বা গেমিং প্ল্যাটফর্মগুলির জন্য এই নিয়ম বাধ্যতামূলক হচ্ছে না।
বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা
জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,
