তেলেঙ্গানা: তেলেঙ্গানার সমাজকল্যাণ মন্ত্রী ও কংগ্রেস নেতা আদলুরি লক্ষ্মণ কুমার (Ambedkar)ভারতীয় মুদ্রায় ড. বি আর আম্বেদকরের প্রতিকৃতি ছাপানোর দাবি জানিয়েছেন। তিনি কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়াকে এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।শুক্রবার নয়াদিল্লির তেলেঙ্গানা ভবনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এই দাবি তোলেন।
তিনি বলেছেন, ড. আম্বেদকর (Ambedkar)বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের স্থপতি। তাঁর নেতৃত্বে প্রণীত সংবিধান সমতা, স্বাধীনতা, ভ্রাতৃত্ব ও সামাজিক ন্যায়ের ভিত্তি। আম্বেদকর একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদও ছিলেন। মুদ্রায় তাঁর প্রতিকৃতি থাকলে সংবিধানিক মূল্যবোধ ও সামাজিক ন্যায়ের প্রতি দেশের অঙ্গীকার আরও স্পষ্ট হবে।লক্ষ্মণ কুমার জানিয়েছেন, তিনি বিষয়টি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্ত রেড্ডির সঙ্গে আলোচনা করবেন এবং রাজ্য মন্ত্রিসভায়ও তুলবেন।
আরও দেখুনঃ ‘জেন জেড’-এর মন জয়ে মরিয়া সোরেন! মতামত জানতে চালু ইমেল আইডি
রাজ্য সরকার কেন্দ্রের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাতে পারে বলে তিনি মনে করেন। তিনি যন্তরমন্তরে ‘কারেন্সি নোটস আম্বেদকর (Ambedkar)ফটো সাধনা সমিতি’র শান্তিপূর্ণ আন্দোলনেও সংহতি জানিয়েছেন।এই দাবি নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা শুরু হয়েছে। বর্তমানে ভারতীয় মুদ্রায় মহাত্মা গান্ধীর প্রতিকৃতি রয়েছে। ১৯৯৬ সাল থেকে ‘মহাত্মা গান্ধী সিরিজ’ চালু হওয়ার পর সব মূল্যমানের নোটে গান্ধীজির ছবি স্থায়ীভাবে যুক্ত করা হয়।
এর আগে ১৯৬৯ সালে গান্ধীর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ সিরিজে তাঁর প্রতিকৃতি এসেছিল।এখন প্রশ্ন উঠছে, আম্বেদকরের প্রতিকৃতি যুক্ত হলে গান্ধীজির ছবির কী হবে? কোনো নোটে দুজনের ছবি একসঙ্গে থাকবে, নাকি কিছু মূল্যমানে পরিবর্তন আনা হবে? রিজার্ভ ব্যাংক ও কেন্দ্রীয় সরকার এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। মুদ্রার ডিজাইন পরিবর্তনের বিষয়টি আরবিআই-এর এখতিয়ারে এবং সরকারের অনুমোদন সাপেক্ষে হয়।
আরও দেখুনঃ যোগী রাজ্যে মসজিদের মাপজোক করতে গিয়ে বাঁধে দাঙ্গা! উস্কানির অভিযোগে পুলিশের জালে মুসলিম সাংসদ জিয়া
কংগ্রেস পার্টির পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো সরকারি অবস্থান ঘোষণা করা হয়নি। লক্ষ্মণ কুমারের দাবি তাঁর ব্যক্তিগত ও রাজ্য স্তরের উদ্যোগ বলেই দেখা হচ্ছে। দলীয় মুখপাত্র বা কেন্দ্রীয় নেতৃত্ব থেকে এখনও কোনো সমর্থন বা বিরোধিতা পাওয়া যায়নি। তাই এটি কংগ্রেসের অফিসিয়াল স্ট্যান্ড কিনা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
আম্বেদকরকে (Ambedkar)সংবিধান প্রণেতা ও সামাজিক ন্যায়ের প্রতীক হিসেবে সম্মান জানানোর দাবি নতুন নয়। বিভিন্ন সময়ে সংগঠন ও ব্যক্তিরা মুদ্রায় তাঁর প্রতিকৃতি যুক্ত করার আবেদন জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত কোনো সরকার এ বিষয়ে পদক্ষেপ নেয়নি। গান্ধীজির প্রতিকৃতি জাতীয় ঐক্য ও স্বাধীনতা সংগ্রামের প্রতীক হিসেবে গৃহীত।
