সায়ন সেনগুপ্ত, কলকাতা: মরসুমের প্রথম হার মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। এবারের কলকাতা লিগে দুরন্ত ছন্দে রয়েছে কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধান। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবারের ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ শুরু করেছিল রেড রোডের এই ফুটবল দল। প্রথম ম্যাচে অনায়াসেই এসেছিল জয়। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে আজ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। সম্পূর্ণ সময়ের শেষে ২-৩ গোলের ব্যবধানে এই ম্যাচে পরাজিত হয় ব্ল্যাক প্যান্থার্সরা। এদিন ওডিশার এই দলের হয়ে গোল পান যথাক্রমে বাসিত, মারাত তারেক এবং জোশী।
ম্যাচের প্রথম মিনিট থেকেই যথেষ্ট আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গিয়েছিল প্রতিপক্ষ দলকে। প্রথম দিকে কয়েকবার পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হলেও সেটা দীর্ঘায়িত হয়নি।। প্রথম কোয়ার্টারের ১১ মিনিটের মাথায় গোল তুলে নিয়েছিল সমলেশ্বরী। বাসিতের দৌলতে অনায়াসেই এগিয়ে গিয়েছিল প্রতিপক্ষ দল। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকে প্রায় ২৭ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে যান তারেক। প্রথমার্ধের শেষে বজায় থাকে এই ফলাফল। ২-০ ব্যবধানে পিছিয়ে থাকতে হলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের সমতায় ফিরতে খুব একটা অসুবিধা হয়নি মেহেরাজউদ্দিন ওয়াডুর ছেলেদের।
Also Read | ২০০০ কোটি ডলারের হাতছানি! বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনায় বিতর্কে FIFA
দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটের মাথায় প্রথম গোল পায় রেড রোডের এই ফুটবল ক্লাব। গোলদাতা লালথানকিমা। প্রথম গোলের ঠিক মিনিট সাতেকের মধ্যেই এসে গিয়েছিল সমতা সূচক গোলটি। নঘাইতের ব্যাক-টু-ব্যাক গোলে ম্যাচ ২-২ সমতায় ফেরে সাদা-কালো ব্রিগেড। কিন্তু শেষ পর্যন্ত বজায় থাকেনি সেই ধারাবাহিকতা।
৮১ মিনিটে সমলেশ্বরীর হয়ে জোশীর অনবদ্য ফ্রি-কিকে গোল চমকে দেয় সকলকে। তারপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি মহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে। শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানেই জয় সুনিশ্চিত করে প্রতিপক্ষ দল।
