বেতনের দাবিতে জ্বলছে নয়ডা! শ্রমিক-পুলিশ খণ্ডযুদ্ধ, অবরুদ্ধ দিল্লি সীমানা

নয়ডা: বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের টানা তিন দিনের বিক্ষোভ ঘিরে সোমবার রণক্ষেত্রের চেহারা নিল উত্তরপ্রদেশের নয়ডা (Noida)। দাবিদাওয়া আদায়ের আন্দোলন আচমকাই অগ্নিগর্ভ হয়ে ওঠে। রাস্তায়…

Noida workers protest violence

নয়ডা: বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের টানা তিন দিনের বিক্ষোভ ঘিরে সোমবার রণক্ষেত্রের চেহারা নিল উত্তরপ্রদেশের নয়ডা (Noida)। দাবিদাওয়া আদায়ের আন্দোলন আচমকাই অগ্নিগর্ভ হয়ে ওঠে। রাস্তায় নেমে ভাঙচুর এবং পথ অবরোধের পাশাপাশি অন্তত দু’টি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। এই বিক্ষোভের জেরে দিল্লি-নয়ডা সীমানায় ভয়াবহ যানজট তৈরি হয়, যার ফলে চরম ভোগান্তির শিকার হন সাধারণ নিত্যযাত্রীরা।

Advertisements

পুলিশ সূত্রে খবর, নয়ডার ফেজ ২ এলাকার সেক্টর ১ এবং ৮৪-তে এদিন পরিস্থিতি সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে ওঠে। বেতন বৃদ্ধির দাবিতে কারখানার হাজার হাজার কর্মী রাস্তায় নেমে স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে আসরে নামে পুলিশ। শিল্পাঞ্চলগুলি জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং নজরদারি চালাচ্ছেন শীর্ষ আধিকারিকরা।

   

এই বিক্ষোভের আঁচ গিয়ে পড়ে দিল্লি-নয়ডা সীমানায়। ডিএনডি ফ্লাইওয়ে-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। অফিসের ব্যস্ত সময়ে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকেন বহু মানুষ।

উল্লেখ্য, রবিবারই বেতন বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিল জেলা প্রশাসন। তা সত্ত্বেও এদিন পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। এরপরই পরিস্থিতি শান্ত করতে তড়িঘড়ি বৈঠকে বসে নয়ডা কর্তৃপক্ষ। ওভারটাইমের দ্বিগুণ মজুরি, বোনাস, সাপ্তাহিক ছুটি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। অন্যদিকে, শ্রমিকদের অভিযোগ শুনতে এবং দ্রুত সমস্যা সমাধানের জন্য একটি বিশেষ কন্ট্রোল রুম এবং হেল্পলাইন নম্বর চালু করেছেন নয়ডার জেলাশাসক মেধা রূপম।

Advertisements
Advertisements