বড় স্বস্তি! একধাক্কায় অনেকটা এলপিজি বরাদ্দ বাড়াল কেন্দ্র

নয়াদিল্লি: শুক্রবার সন্ধ্যায় দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই মেগা বৈঠকের ঠিক কয়েক ঘণ্টা আগেই দেশের জ্বালানি…

India LPG Allocation Boost

নয়াদিল্লি: শুক্রবার সন্ধ্যায় দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই মেগা বৈঠকের ঠিক কয়েক ঘণ্টা আগেই দেশের জ্বালানি পরিস্থিতি এবং এলপিজি (LPG) বরাদ্দ নিয়ে রাজ্যগুলির মুখ্যসচিবদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠি পাঠালেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শিল্পক্ষেত্রে উৎপাদন সচল রাখতে এই চিঠিতে রাজ্যগুলিকে একাধিক বড়সড় বার্তা দেওয়া হয়েছে।

Advertisements

বর্তমান বরাদ্দের খতিয়ান কী?

জ্বালানি সঙ্কটের জেরে রাজ্যগুলির জন্য যে পরিমাণ এলপিজি বরাদ্দ ছিল, তার ভিত্তিতে প্রথমে রাজ্যগুলিকে ৪০ শতাংশ গ্যাস বরাদ্দ দেওয়া হয়েছিল। এরপর পিএনজি (PNG) বা পাইপড ন্যাচারাল গ্যাস ব্যবহারের প্রসারে নির্দিষ্ট কিছু সংস্কার করার ভিত্তিতে আরও ১০ শতাংশ বরাদ্দ বাড়ানো হয়। এর ফলে মোট বরাদ্দ দাঁড়ায় ৫০ শতাংশ।

   

চিঠিতে জানানো হয়েছে, ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্য এই সংস্কারগুলি আংশিক বা সম্পূর্ণ ভাবে বাস্তবায়ন করেছে এবং অতিরিক্ত ১০ শতাংশ পর্যন্ত বরাদ্দ গ্রহণ করেছে।

শিল্পক্ষেত্রে অতিরিক্ত ২০ শতাংশ বরাদ্দের প্রস্তাব

বর্তমান পরিস্থিতিতে দেশের শিল্পক্ষেত্রকে সচল রাখতে এই ৫০ শতাংশ বরাদ্দের পাশাপাশি অতিরিক্ত আরও ২০ শতাংশ এলপিজি বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

Advertisements

কারা পাবে অগ্রাধিকার? এই অতিরিক্ত গ্যাস মূলত শিল্পক্ষেত্রে দেওয়া হবে। স্টিল, অটোমোবাইল, টেক্সটাইল, ডাই, কেমিক্যাল এবং প্লাস্টিকের মতো শ্রমনির্ভর এবং গুরুত্বপূর্ণ শিল্পগুলি অগ্রাধিকার পাবে।

বিশেষ করে যে সমস্ত কারখানায় উৎপাদন প্রক্রিয়ার জন্য এলপিজি দিয়ে বিশেষ ধরনের উত্তাপের প্রয়োজন এবং যেখানে বিকল্প হিসেবে প্রাকৃতিক গ্যাস (Natural Gas) ব্যবহার করা কোনওভাবেই সম্ভব নয়, সেই ক্ষেত্রগুলিকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

বাড়তি গ্যাসের জন্য শর্ত এবং ছাড়

গত ২১ মার্চের চিঠিতে উল্লিখিত শর্ত অনুযায়ী, এই অতিরিক্ত ২০ শতাংশ গ্যাস পেতে গেলে অয়েল মার্কেটিং কোম্পানিগুলির (OMC) কাছে রেজিস্ট্রেশন এবং সিটি গ্যাস ডিস্ট্রিবিউশনের (CGD) কাছে পিএনজি-র জন্য আবেদন করতে হবে। তবে যে সমস্ত শিল্পে এলপিজি একেবারে অপরিহার্য এবং প্রাকৃতিক গ্যাস দিয়ে কাজ চালানো সম্ভব নয়, তাদের ক্ষেত্রে এই শর্ত শিথিল করা হতে পারে বলে জানানো হয়েছে।

রাজ্যগুলিকে কেন্দ্রের বিশেষ বার্তা

প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম প্রোডাক্ট সরবরাহের এই নতুন অর্ডার রাজ্যের সব দফতর ও সংস্থার কাছে পৌঁছে দেওয়ার জন্য মুখ্যসচিবদের অনুরোধ করেছে কেন্দ্র। একইসঙ্গে, যেসব রাজ্য এখনও সংস্কারভিত্তিক অতিরিক্ত ১০ শতাংশ বরাদ্দ গ্রহণ করেনি, তাদের দ্রুত সেই প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

নতুন এই নির্দেশিকা কার্যকর হলে বাণিজ্যিক ও শিল্প ক্ষেত্রে এলপিজি বরাদ্দ একধাক্কায় ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে, যা বর্তমান সঙ্কটের আবহে দেশের শিল্প মহলে অনেকটাই স্বস্তি ফেরাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisements