আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ভারতের প্রথম একাদশে জায়গা হল না ১৫ বছরের বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)। তাঁকে বাইরে রেখে ওপেনিংয়ে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মার উপর আস্থা রাখে ভারতীয় দল। তবে দ্বিতীয় ম্যাচে সঞ্জু নিজের পুরনো ছন্দে ফিরতেই বৈভবের একাদশে জায়গা পাওয়া নিয়ে আলোচনা আরও বেড়েছে।
প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১০ রান করার পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন সঞ্জু। মাত্র ২২ বলে ৫৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ফলে বৈভবের জায়গায় সঞ্জুকে খেলানোর সিদ্ধান্তের পক্ষে মাঠেই জোরালো উত্তর মিলেছে। তবে বৃহস্পতিবার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বৈভব সুযোগ পেতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার।
‘প্রয়োজন হলে খেলবে’, কী বললেন বৈভবের বাবা?
দ্বিতীয় টি-টোয়েন্টির পর বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশীকে প্রশ্ন করা হয়, কেন তাঁর ছেলে এখনও ভারতীয় একাদশে সুযোগ পাচ্ছেন না। জবাবে তিনি বলেন, “যখন প্রয়োজন হবে, তখন ও খেলবে। ছেলে তৈরি আছে খেলার জন্য।” সঞ্জীবের এই মন্তব্য থেকেই স্পষ্ট, ভারতীয় দলের সিদ্ধান্ত নিয়ে তিনি কোনও তাড়াহুড়ো করছেন না। দলের প্রয়োজন অনুযায়ী সুযোগ এলে বৈভব মাঠে নামার জন্য প্রস্তুত বলেই জানিয়েছেন তিনি।
তৃতীয় টি-টোয়েন্টিতে কি খেলবেন বৈভব?
দ্বিতীয় ম্যাচ জিতে ভারত তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। ফলে সিরিজ ইতিমধ্যেই ভারতের দখলে। এই পরিস্থিতিতে শেষ ম্যাচে বেঞ্চে থাকা ক্রিকেটারদের সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় টি-টোয়েন্টির পর অধিনায়ক শ্রেয়স আইয়ারও সেই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন।
তিনি বলেন, দলের সব ক্রিকেটারকে উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার এবং কিছু ম্যাচ অনুশীলনের সুযোগ দেওয়া দরকার। তাই বাইরে থাকা ক্রিকেটারদের সুযোগ দেওয়ার জন্য তৃতীয় ম্যাচ ভালো সময় হতে পারে। এই বক্তব্যের পর বৈভব সূর্যবংশীর অভিষেক নিয়ে প্রত্যাশা আরও বেড়েছে।
৮৮ রানের ওপেনিং জুটি, বিধ্বংসী সঞ্জু
দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তান প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান করেছিল। ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভারত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা প্রথম উইকেটে ৮৮ রান যোগ করেন। সঞ্জু মাত্র ২২ বলে ৫৭ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৭টি চার এবং ৪টি ছক্কা। অভিষেক করেন ১৯ বলে ৩৯ রান। শেষ পর্যন্ত মাত্র ১৪.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। সঞ্জুর এই ইনিংসের পর বৈভবের সঙ্গে তাঁর ওপেনিং পজিশনের প্রতিযোগিতা নিয়ে আলোচনা কিছুটা থিতিয়ে যায়। তবে শেষ ম্যাচে বৈভব সুযোগ পেলে পরিস্থিতি ফের বদলাতে পারে।
‘প্রতিযোগিতা বাইরের দুনিয়ার জন্য’, বললেন সঞ্জু
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে ওপেনিংয়ের দুই জায়গা নিয়ে প্রতিযোগিতা সম্পর্কে প্রশ্ন করা হয় সঞ্জুকে। তিনি জানান, বৈভব এবং অভিষেক তাঁর কাছে প্রতিদ্বন্দ্বী নন, তাঁরা একই দলের সতীর্থ। সঞ্জু বলেন, “ওরা বাইরের দুনিয়ার কাছে প্রতিযোগী। কিন্তু আমরা একটা দল এবং দেশের হয়ে খেলছি। প্রথম লক্ষ্য ম্যাচ জেতা। তার পর আসে ব্যক্তিগত ক্রিকেটারদের বিষয়।” তিনি আরও জানান, কোনও ক্রিকেটার সুযোগ না পেলে হতাশ হয়ে নেতিবাচক মানসিকতায় চলে গেলে তা দলের পরিবেশের জন্য কার্যকর নয়। সঞ্জুর বক্তব্য, দলে কে খেলছে বা কে সুযোগ পাচ্ছে না, তা নিয়ে ক্রিকেটারদের মধ্যে নেতিবাচক মনোভাব থাকার জায়গা নেই।
সোশ্যাল মিডিয়ার আলোচনায় নজর রাখেন না সঞ্জু
বৈভব বনাম সঞ্জু এবং বৈভব বনাম অভিষেক, ওপেনিংয়ের জায়গা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই নানা আলোচনা চলছে। একাধিক প্রাক্তন ভারতীয় ক্রিকেটারও এই বিষয়ে নিজেদের মতামত দিয়েছেন। কেউ কেউ মনে করছেন, সঞ্জুর আগে বৈভবকে সুযোগ দেওয়া উচিত। আবার কারও মতে, অভিষেককে বাইরে রেখে ১৫ বছরের তরুণ ব্যাটারকে খেলানো যেতে পারে। সঞ্জু জানিয়েছেন, সাধারণত তিনি ইন্টারনেটের মন্তব্যকে গুরুত্ব দেন না। তবে মাঝে মাঝে সেই মন্তব্য তাঁর চোখে পড়ে যায়। হালকা মজার সুরে সঞ্জু বলেন, তিনি সাধারণত “ওয়াই-ফাই বন্ধ রাখার চেষ্টা করেন”। কিন্তু কখনও কখনও ওয়াই-ফাই চালু হয়ে যায় এবং মন্তব্য চোখে পড়ে। কোনও সিনিয়র ক্রিকেটার কিছু বললে সেটিও তাঁর নজরে আসে। তাঁর মতে, এমনটা হওয়া স্বাভাবিক।
এখন নজর বৃহস্পতিবারের তৃতীয় টি-টোয়েন্টির দিকে। সিরিজ ভারতের দখলে চলে যাওয়ায় শেষ ম্যাচে বৈভব সূর্যবংশীর অভিষেক হয় কি না, সেটাই হতে চলেছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের অন্যতম বড় আকর্ষণ।
Read More: নীতিশের পারফরম্যান্সে মুগ্ধ আকাশ, হার্দিকের পর নতুন অলরাউন্ডার?
Read More: Jio রিচার্জে বিনামূল্যে এই পরিষেবা! ৪০০০ টাকার সাবস্ক্রিপশন সুবিধা
Read More: ভারতে প্রোটিনের চাহিদা তিনগুণ! দুধ-ডালের সঙ্গে বাড়বে কার্বন নিঃসরণও
