রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা দেশগুলির বিরুদ্ধে বড় পদক্ষেপের পথে আমেরিকা। রুশ জ্বালানি আমদানিকারক দেশগুলির পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক বসানোর ক্ষমতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার প্রস্তাব-সহ একটি বিল মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে গুরুত্বপূর্ণ ধাপ পেরিয়েছে। মঙ্গলবার ২১৪-২১১ ভোটে বিলটি এগিয়ে নেওয়ার প্রস্তাব পাশ হয়।
‘Lindsey O. Graham Sanctioning Russia and Iran Act of 2026’ নামে এই বিলের লক্ষ্য রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বাড়ানো। ইউক্রেনে যুদ্ধ চালানোর জন্য মস্কোর অর্থের অন্যতম উৎস রুশ তেল ও গ্যাস বিক্রি—এই যুক্তিতে রাশিয়ার পাশাপাশি দেশটির বড় জ্বালানি ক্রেতাদের উপরও চাপ তৈরির উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। ভারত ও চিন রাশিয়ার অন্যতম বড় জ্বালানি ক্রেতা হওয়ায় বিলটির প্রভাব নিয়ে বিশেষ নজর রয়েছে।
১০০% শুল্কের আওতায় ভারত
বিলের সংশোধিত প্রস্তাবে রুশ অপরিশোধিত তেল বা প্রাকৃতিক গ্যাস কেনা কিংবা রাশিয়ার উপর থাকা নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করা দেশগুলির উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সুযোগ রাখা হয়েছে। মার্কিন হাউসের নথিতে ভারত, চিন, তুরস্ক, আজারবাইজান, হাঙ্গেরি, স্লোভাকিয়া, সংযুক্ত আরব আমিরশাহি, সিঙ্গাপুর, কাজাখস্তান ও কিরগিজস্তানের নাম প্রস্তাবিত তালিকায় রয়েছে।
তবে এই বিল পাশ হলেই ভারতীয় পণ্যের উপর সঙ্গে সঙ্গে ১০০ শতাংশ শুল্ক বসে যাবে—এমনটা নয়। আইন কার্যকর হলে ট্রাম্প প্রশাসনকে সেই শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হবে। অর্থাৎ পরবর্তী সিদ্ধান্ত প্রেসিডেন্টের হাতে থাকবে।
ইরানের উপরও নিষেধাজ্ঞা
শুধু রাশিয়া নয়, বিলটিতে ইরানকেও নিশানায় রাখা হয়েছে। ১৯৯৬ সালের Iran Sanctions Act-এর মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। পাশাপাশি ইরানের জ্বালানি ক্ষেত্রে বিনিয়োগকারী সংস্থাগুলির বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
মঙ্গলবারের ভোটটি ছিল বিলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়াগত ধাপ। দুই ডেমোক্র্যাট সদস্য রিপাবলিকানদের সঙ্গে ভোট দিয়ে প্রস্তাবটি পাশ করাতে সাহায্য করেন। হাউসে চূড়ান্ত ভোটের পরই বিলটি পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়ায় এগোতে পারবে।
বিলটি হাউস ও পরে প্রয়োজনীয় প্রক্রিয়া পেরিয়ে প্রেসিডেন্টের স্বাক্ষর পেলে আইনে পরিণত হতে পারে। ফলে রুশ তেল আমদানি নিয়ে ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্কের উপর নতুন চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
