সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগস্টের শুরু থেকেই শোনা যাচ্ছিল যে খুব শীঘ্রই বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ব্লু-টাইগার্স (Indian Football) । সেক্ষেত্রে বারংবার উঠে আসতে শুরু করেছিল বিশ্ব ফুটবলের পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে শুধুমাত্র ব্রাজিল নয়। এবার পেলের দেশের পাশাপাশি দুইবারের বিশ্বজয়ী দেশ উরুগুয়ে সহ শক্তিশালী পানামার বিরুদ্ধে ও খেলতে নামবে খালিদ জামিলের ছেলেরা। এখন সেদিকেই নজর থাকবে দেশের ফুটবল অনুরাগীদের। পূর্ব সূচি অনুযায়ী আগামী ২৬শে সেপ্টেম্বর বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে পানামার বিরুদ্ধে নামবে ভারতীয় শিবির।
তারপর অক্টোবরের শুরুতে দল খেলতে নামবে ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে। সেইমতো রবিবার রাতে মোট ২৬ জন ফুটবলারের তালিকা ঘোষণা করলেন কোচ। যেখানে গোলরক্ষক হিসেবে থাকছেন অ্যালবিনো গোমস, প্রভসুখান সিং গিল, গুরপ্রীত সিং সান্ধু ও সোম কুমার। ডিফেন্ডারদের মধ্যে থাকছেন অভিষেক সিং টেকচাম, আকাশ মিশ্রা, আনোয়ার আলি, বিজয় ভার্গিস, ভালপুইয়া,জয় গুপ্তা, পরমবীর এবং রিকি মিতেই। মাঝমাঠের ফুটবলারদের মধ্যে থাকছেন অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, ফারুক চৌধুরী, আপুইয়া, ম্যাকারটন নিক্সন, মোহাম্মদ সানান, রিকি সাবং, সাহাল আব্দুল সামাদ।
আপফ্রন্টের জন্য থাকছেন এডমুন্ড লালরিন্ডিকা, ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং, রহিম আলি, রায়ান উইলিয়ামস, এবং বিক্রম প্রতাপ সিং।
