সায়ন সেনগুপ্ত, কলকাতা: কলকাতা লিগে টানা তিন ম্যাচে জয় ছিনিয়ে নিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে এদিন রেলওয়ে এফসির বিরুদ্ধে নেমেছিল বাস্তব রায়ের ছেলেরা। সম্পূর্ণ সময়ের শেষে ৩-১ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় সাহাল আব্দুল সামাদরা। এদিন সবুজ-মেরুন জার্সিতে গোল পান যথাক্রমে মনবীর সিং, রবিলাল মান্ডি এবং সুহেল আহমেদ ভাট। অন্যদিকে, রেলওয়ে দলের হয়ে গোল পেয়েছিলেন উমেশ মারান্ডি। এই জয়ের সুবাদে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে গ্ৰুপ টেবিলের তৃতীয় স্থানে থাকল মোহনবাগান দল।
বলাবাহুল্য, এদিন প্রথম থেকেই প্রতি আক্রমণে জোর দিয়েছিল রেলওয়ে দল। যারফলে ৪০ মিনিটের মাথায় উমেশের গোলে এগিয়ে গিয়েছিল রেলওয়ে শিবির। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে প্রতিপক্ষ ডিফেন্ডারের হ্যান্ডবল থেকে পেনাল্টি পায় মোহনবাগান। সেখান থেকেই গোল করে দলকে সমতায় এনেছিলেন মনবীর সিং। বহু চেষ্টা করেও ফলটিকে আটকাতে পারেননি গোলরক্ষক সুদীপ্ত ব্যানার্জি। যারফলে প্রথমার্ধের শেষে বজায় ছিল ১-১ গোলের অমীমাংসিত ফলাফল। তবে দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই গোল তুলে নিতে মরিয়া হয়ে উঠেছিল বাস্তব রায়ের ছেলেরা।
তারপর বেশ কয়েকবার আক্রমণে উঠে আসলেও পরিস্থিতি সামাল দিয়েছিলেন রেলওয়ে দলের ফুটবলাররা। এমনকি সায়ন বন্দোপাধ্যায় বল গোলে রাখার চেষ্টা করলেও ক্রসবারে লাগে সেটি। তারপর যদিও খুব একটা অপেক্ষা করতে হয়নি। ৫২ মিনিটের মাথায় রবিলাল মান্ডির দক্ষতায় ২-১ গোলে এগিয়ে যায় মোহনবাগান। সুযোগ বুঝে আরও একাধিকবার আক্রমণে উঠে এসেছিলে রেলওয়ের ছেলেরা। শেখ গোলাপ থেকে শুরু করে সায়ন সরকারের মত খেলোয়াড়রা গোলের সুযোগ পেলেও ফের গোলের মুখ খোলা সম্ভব হয়নি। তারপর ৭৮ মিনিটের মাথায় গোল করে ব্যবধান আরও বাড়িয়ে দিয়ে যান পরিবর্ত হিসেবে মাঠে নামা সুহেল আহমেদ ভাট।
পরবর্তীতে সুহেল আরও একবার গোলের সুযোগ পেলেও রেলওয়ে অধিনায়ক সুদীপ্ত ব্যানার্জির দক্ষতায় আটকে যেতে হয় তাকে। এছাড়াও সহজ সুযোগ নষ্ট করতে দেখা যায় মনবীর সিংকে। শেষ পর্যন্ত দুইটি গোলের ব্যবধানে ঘরের মাঠে জয় পায় মোহনবাগান।
