সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতবারের আইএসএল চলাকালীন সময় থেকেই শোনা যাচ্ছিল যে লগ্নিকারী সংস্থার সঙ্গে কিছুটা বিপরীত মেরুতে হাঁটছে ইস্টবেঙ্গল (East Bengal ) ক্লাব। যদিও সেই সময় এই বিষয়টি নিয়ে খুব একটা মুখ খোলেননি কেউ। কিন্তু নয়া সিজনের শুরু থেকেই জার্সিতে তাঁদের লোগো অনুপস্থিত থাকায় ব্যাপক জল্পনা দেখা দেয়। অবশেষে আজ দুপুরে বিশেষ বিবৃতির মধ্য দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল ইমামি। সেই অনুযায়ী এবার আর ইনভেস্টর নয়, মূল স্পন্সর হিসেবে তাঁরা থেকে যাচ্ছে কলকাতা ময়দানের এই প্রধানের সঙ্গে।
Also Read | East Bengal: চলতি সপ্তাহেই শহরে এফিয়ং? নজর সমর্থকদের
তাঁদের প্রকাশ করা বিবৃতিতে বলা হয়, ‘ ইমামি গ্রুপ ঘোষণা করছে যে, ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের বিনিয়োগকারী হিসেবে এর ব্যবস্থাপনায় তাদের ভূমিকা সমাপ্ত হয়েছে। ইমামি তার সমস্ত শেয়ার ইস্টবেঙ্গল ক্লাবের কাছে হস্তান্তর করেছে। যারফলে ফুটবল ক্লাবটির বিনিয়োগকারী ও ব্যবস্থাপক হিসেবে ইমামির ভূমিকার সমাপ্তি ঘটেছে। ভারতীয় ফুটবলের বৃদ্ধি ও উন্নয়নে ইমামি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বিনিয়োগ ও ব্যবস্থাপনার ভূমিকা থেকে সরে দাঁড়ালেও, এটি ইস্টবেঙ্গল ক্লাবের স্পন্সর হিসেবে তাদের সম্পর্ক বজায় রাখবে এবং ক্লাব ও তার চলমান ক্রীড়া উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করবে।’
Also Read | দীপেন্দুর যোগদানের কথা জানিয়ে দিল চেন্নাইয়িন
আরও বলা হয়, ‘ ইমামির অংশীদারিত্বের ফলে ইস্টবেঙ্গল এফসি পুরুষ ও মহিলা উভয় ফুটবলেই উল্লেখযোগ্য সাফল্য লাভ করে এবং ক্লাবটি বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রফি অর্জন করে। পুরুষ দল ২০২৬ সালে ইস্টবেঙ্গলের সর্বপ্রথম আইএসএল চ্যাম্পিয়নশিপ জেতে, সাথে ২০২৪ সালে কলিঙ্গ সুপার কাপ এবং ২০২৪ ও ২০২৫ সালে টানা কলকাতা ফুটবল লিগ শিরোপাও জয় করে। মহিলা দল ২০২৩ সালে কন্যাশ্রী কাপ জেতে এবং ২০২৫ সালে উদ্বোধনী সাফ মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপে জয়লাভ করে ইস্টবেঙ্গলের সর্বপ্রথম আন্তর্জাতিক শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করে। পাশাপাশি টানা দুইটি সিজনে পরপর ইন্ডিয়ান উইমেন্স লিগ শিরোপা জিতে ভারতীয় মহিলা ফুটবলে নিজেদের আধিপত্য আরও সুপ্রতিষ্ঠিত করেছে।’
অর্থাৎ নয়া ভূমিকায় থেকেই এবার ক্লাবের সাফল্যের শরিক হতে চায় এই লগ্নিকারী সংস্থা। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ জয় করেছে ইস্টবেঙ্গল। সেই নিয়ে এখনও খুশির আমেজ রয়েছে সমর্থকদের মধ্যে।
