Kolkata Metro: দেড় ঘণ্টার রাস্তা এবার মাত্র ৩৫ মিনিটে! সব কিছু ঠিক থাকলে, ২০২৬ এর মধ্যেই শুরু হবে অরেঞ্জ লাইন। অর্থাৎ, নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অরেঞ্জ লাইনে পরিষেবা চালু করার পরিকল্পনা কলকাতা মেট্রো কর্তৃপক্ষের। এই লাইন চালু হলে দেড় ঘণ্টার রাস্তা অতিক্রম করা যাবে ৩৫ মিনিটেই। জাতীয় এক সংবাদমাধ্যমকে এমনটা জানিয়েছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্ত। তিনি জানান যে অরেঞ্জ লাইনের মেট্রো পরিষেবা সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। যা ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার প্রচেষ্টা চলছে।
জানা গিয়েছে, নিউ গড়িয়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত লাইন সম্প্রসারণের জন্য খুব সামান্য কাজই পড়ে রয়েছে। মনে করা হচ্ছে মেট্রো কর্তৃপক্ষ এবছর ৩১ ডিসেম্বরের মধ্যেই তা শেষ করে ফেলবে। এই বছরের মে মাসে সরকারের পালাবদলের পর থেকে চিংড়িঘাটা ক্রসিং-এ ৩৬৬ মিটার দীর্ঘ ‘মিসিং লিঙ্ক’ বা সংযোগহীন অংশে নির্মাণের কাজ শুরু হয়। জানা যাচ্ছে এটি বর্তমানে প্রায় শেষের পথে।
কলকাতার অরেঞ্জ লাইন মেট্রোর দায়িত্বে রয়েছে রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) সংস্থা। সেই সংস্থা ইতিমধ্যেই ৩৩৫ মিটার অংশকে যুক্ত করার কাজ শেষ করেছে। বাকি রয়েছে ৩১ মিটার অংশ যা জুড়লেই অরেঞ্জ লাইনটি নিউ গড়িয়া থেকে বেলেঘাটা হয়ে সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত সংযুক্ত হয়ে যাবে। জোরকদমে চলছে অরেঞ্জ লাইনের সম্প্রসারণের কাজ।
ইতিমধ্যেই তৈরি হয়েছে সল্টলেক সেক্টির ৫-আইটি সেন্টার, নলবন এবং গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশন। মনে করা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের কাজ শেষ করে কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS)-এর পরিদর্শনের পর চলতি বছরের মধ্যেই যাত্রীদের জন্য নিউ গড়িয়া থেকে সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে।
