ইসলামাবাদ: লস্কর-ই-তৈবা (LeT) জঙ্গিদের সঙ্গে একই মঞ্চে বসে মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী শেখ রশিদ আহমেদ! শুধু তাই নয়, প্রকাশ্য সভা থেকে ভারতের বিরুদ্ধে চরম উসকানিমূলক মন্তব্য করেন৷ সেই সঙ্গে হুমকিও দিতে শোনা যায় তাঁকে। ইমরান খান সরকারের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন জঙ্গি-প্রীতি ঘিরে ইতিমধ্যেই তীব্র শোরগোল শুরু হয়েছে।
সম্প্রতি একটি ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার নেতাদের সঙ্গে একই মঞ্চে বসে রয়েছেন শেখ রশিদ। ওই মঞ্চে উপস্থিত ছিল লস্কর কম্যান্ডার তথা ‘পাকিস্তান মার্কাজি মুসলিম লিগ’ (PMML)-এর সভাপতি খালিদ মাসুদ সান্ধু এবং জঙ্গি সংগঠনটির কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য কারি মহম্মদ ইয়াকুব শেখ। সেই সভাতেই প্রকাশ্য ভাষণে রশিদ বলেন, “আমি হাফিজ সাহেবের গোলাম।” তিনি আরও দাবি করেন যে, আমেরিকায় থাকাকালীন তাঁর ফোনে হাফিজ সইদের নম্বর ভেসে উঠেছিল, আর সেই কারণেই তাঁকে আমেরিকা থেকে বিতাড়িত করা হয়।
হাফিজের প্রতি নিঃশর্ত আনুগত্য প্রকাশের পাশাপাশি ভারতকে ধ্বংস করার হুমকিও দিয়েছেন আওয়ামি মুসলিম লিগের প্রতিষ্ঠাতা শেখ রশিদ। উসকানিমূলক সুরে তিনি বলেন, “ভারত যদি পাকিস্তানের দিকে চোখ তুলেও তাকায়, তবে আল্লাহ ভারতকে ধ্বংস করে দেবেন।” এর পরেই তাঁর চরম হুঁশিয়ারি, “ভারতে কোনও পাখি ডাকবে না, কোনও মন্দিরে ঘণ্টাও বাজবে না। আমরা পাকিস্তানের সঙ্গে আছি, হাফিজ সইদের সঙ্গে আছি।”
উল্লেখ্য, ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ইমরান খানের নেতৃত্বাধীন সরকারে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ছিলেন এই শেখ রশিদ। একজন প্রাক্তন পাক মন্ত্রীর প্রকাশ্যে নিষিদ্ধ জঙ্গি নেতার গুণগান গাওয়া এবং ভারতকে এমন চরম হুমকি দেওয়ার ঘটনা পাকিস্তানের রাষ্ট্রযন্ত্রের সঙ্গে সন্ত্রাসবাদের গভীর যোগসূত্রকেই ফের এক বার প্রকাশ্যে আনল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু লস্করের সোশ্যাল মিডিয়া হেড আদিলের! ঘনাচ্ছে রহস্য
মেয়েদের শিক্ষার অধিকার ফিরিয়ে দিতেই হবে! তালিবানদের কড়া বার্তা UNESCO র
