টপ অর্ডারে সাই সুদর্শনের অনুপস্থিতিতে সুযোগ পেয়েই বাজিমাত করলেন দেবদত্ত পাডিক্কাল (Devdutt Padikkal)। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) একাদশের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে তাঁর অপরাজিত ১৪২ রানের অনবদ্য ইনিংসের সুবাদেই চালকের আসনে ভারত। শনিবার দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ৩৫৭ রান।
আয়োজকদের চেয়ে ভারত এখন মাত্র ৬ রানে পিছিয়ে। এসএলসি একাদশ তাদের প্রথম ইনিংস ৩৬৩ রানে ডিক্লেয়ার করার পর ব্যাট করতে নেমে শুরুতেই জোরালো ধাক্কা খায় ভারত। ইনিংসের দ্বিতীয় বলেই খাতা না খুলে প্যাভিলিয়নে ফেরেন যশস্বী জয়সওয়াল। এরপর ভারতীয় দলের হাল ধরেন কেএল রাহুল এবং পাডিক্কাল।
দ্বিতীয় উইকেটে ৯৬ রান যোগ করেন তাঁরা। পাঁচটি চার এবং একটি ছক্কার সাহায্যে ৪০ রান করে ফেরেন রাহুল। ডান হাতের আঙুলে চোটের কারণে এদিনও মাঠে নামেননি অধিনায়ক শুভমন গিল। তবে ড্রেসিংরুমে তাঁর আঙুলে কোনও ভারী স্ট্র্যাপিং দেখা যায়নি। গিলের জায়গায় ব্যাট করতে নেমে পাডিক্কালের সঙ্গে ৭২ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন রবীন্দ্র জাডেজা। ১২১ বলে শতরান পূর্ণ করার পর ১০৩ রানে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে প্যাভিলিয়নে ফেরেন পাডিক্কাল। এরপরই রমেশ মেন্ডিসের স্পিন ফাঁদে পড়ে দ্রুত সাজঘরে ফেরেন ঋষভ পন্থ (২) এবং ধ্রুব জুরেল (১)।
১৭৪ রানে ৪ উইকেট হারিয়ে ভারত যখন চাপে, তখন ফের দলের হাল ধরেন জাডেজা এবং মানব সুতার। ১১৭ বলে ৬৩ রান করে রিটায়ার্ড হার্ট হন জাডেজা। স্পিনার মানব সুতার করেন লড়াকু ৪১ রান। এরপর কুলদীপ যাদব এবং সারাংশ জৈন (২২) রিটায়ার্ড হার্ট হয়ে ফেরার পর, পুনরায় ক্রিজে ফিরে আসেন পাডিক্কাল। দিনের শেষ পর্যন্ত ১৪২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি।
তবে শেষ বেলায় আলাদা করে চমক দেখান গুরনুর ব্রার। দিলুম সুদিরাকে শেষ ওভারে চারটি বিশাল ছক্কা হাঁকিয়ে মাত্র ১৮ বলে অপরাজিত ৩৬ রান করেন তিনি। তাঁর এই মারকুটে ক্যামিও ইনিংসেই দিনের শেষে ভারতের দাপট বজায় থাকে। আসল টেস্ট সিরিজের আগে ব্যাটারদের এই সম্মিলিত পারফরম্যান্স নিশ্চিতভাবেই স্বস্তি দেবে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ককে।
