মহানায়কের নামে ফিল্ম সেন্টার থেকে উত্তম মঞ্চের সংস্কার, গুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: চার দশক পেরিয়ে গেলেও বাঙালির হৃদস্পন্দনে আজও অটুট মহানায়ক উত্তম কুমার। শুক্রবার প্রবাদপ্রতিম অভিনেতার প্রয়াণবার্ষিকীতে কেওড়াতলা মহাশ্মশানে হাজির হয়ে বড়সড় কয়েকটি প্রকল্পের কথা ঘোষণা…

কলকাতা: চার দশক পেরিয়ে গেলেও বাঙালির হৃদস্পন্দনে আজও অটুট মহানায়ক উত্তম কুমার। শুক্রবার প্রবাদপ্রতিম অভিনেতার প্রয়াণবার্ষিকীতে কেওড়াতলা মহাশ্মশানে হাজির হয়ে বড়সড় কয়েকটি প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন কেওড়াতলায় মহানায়কের একটি নতুন ফাইবারের আবক্ষ মূর্তি ও স্মারকফলকের উন্মোচন করেন তিনি। এরপরই উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপন এবং টলিউডের পরিকাঠামো উন্নয়নের জন্য একাধিক বিশেষ পরিকল্পনা সামনে আনেন মুখ্যমন্ত্রী।

Advertisements

আগামী ৩ সেপ্টেম্বর মহানায়কের শতবর্ষ পূর্ণ হচ্ছে। এই বিশেষ লগ্নকে স্মরণীয় করে রাখতে আগামী ৩ থেকে ৬ সেপ্টেম্বর রাজ্যজুড়ে চার দিনব্যাপী এক বর্ণাঢ্য উৎসবের রূপরেখা ঘোষণা করা হয়েছে। বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের কান্ডারি উত্তম কুমারের কর্মজীবন ও তাঁর অতুলনীয় অবদানকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই চার দিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এর প্রস্তুতি পাকা করতে খুব শীঘ্রই রবীন্দ্রসদন কিংবা নন্দনে একটি বিশেষ কমিটি গঠন করে উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হবে বলে খবর।

   

শুধু জন্মবার্ষিকীর অনুষ্ঠানই নয়, টলিউডের পরিকাঠামো উন্নয়নে দুটি বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, মহানায়কের নামে একটি সম্পূর্ণ আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ‘ফিল্ম সেন্টার’ নির্মাণ করা হবে। সেই সঙ্গে কলকাতার ঐতিহাসিক ‘উত্তম মঞ্চ’-এর ভৌত পরিকাঠামো আমূল বদলে ফেলতে আধুনিকীকরণের কাজ হাতে নেবে সরকার। এ দিন মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, মহানায়কের স্মৃতিবিজড়িত সমস্ত কাজ বা মূর্তি স্থাপন সংক্রান্ত প্রতিটি সিদ্ধান্তই তাঁর পরিবারের সঙ্গে আলোচনা করে এবং তাঁদের পূর্ণ সম্মতি নিয়েই রূপায়ন করা হচ্ছে।

উল্লেখ্য, মহানায়কের জন্মশতবার্ষিকী যাতে মর্যাদার সঙ্গে পালিত হয়, সে বিষয়ে এর আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো প্রথম সারির তারকারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে একাধিক প্রস্তাব দিয়েছিলেন। এ দিন কেওড়াতলার শ্রদ্ধানুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশেই দেখা গেল রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, ঋতুপর্ণা সেনগুপ্ত, শতদীপ সাহার পাশাপাশি মহানায়কের নাতনি নবমিতা চট্টোপাধ্যায়কে। সব মিলিয়ে, শতবর্ষের প্রাক্কালে বাংলা সিনেমার মহানায়ককে শ্রদ্ধা জানাতে রাজ্য সরকারের এই মেগা পরিকল্পনা বিনোদন দুনিয়ায় নতুন উন্মাদনা তৈরি করেছে।

Advertisements

বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা

জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

Advertisements