ফুটবলের দোহাই দিয়ে রাতভর মদ্যপানের লাইসেন্স দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচ উপলক্ষে বিশেষ অনুমতিতে ভোর পর্যন্ত খোলা থাকবে ইংল্যান্ড ও ওয়েলসের পাব। সমর্থকদের জন্য সরকারের এই সিদ্ধান্ত ঘিরে জোর চর্চা।

uk-government-allows-pubs-open-late-for-england-world-cup-match

বাবান আদক, কলকাতা ডেস্ক: ‘ফুটবল কামিং হোম’-এর দোহাই দিয়ে রাতভর মদ্যপানের সরকারি লাইসেন্স! বিশ্বকাপের (World Cup) ম্যাচ হচ্ছে আটলান্টিকের ওপারে, আর চোখের ঘুম উড়ছে ইংল্যান্ডে! সময়ের গ্যাঁড়াকলে পড়ে মেক্সিকোর বিরুদ্ধে ইংল্যান্ডের শেষ ষোলোর মেগা ম্যাচটি ব্রিটেনে শুরু হবে রাত একটায় (ভারতীয় সময় সোমবার ভোরে)। আর এই অকাল জাগরণকে জাতীয় উৎসবে পরিণত করতে ব্রিটিশ সরকার এক যুগান্তকারী (!) সিদ্ধান্ত নিয়েছে। সোমবার ভোর ৫টা পর্যন্ত ইংল্যান্ড আর ওয়েলসের সমস্ত পাব খোলা রাখার ফতোয়া জারি হয়েছে। অর্থাৎ, ফুটবল দেখার অসিলায় সারারাত গলা ভেজানোর অফিশিয়াল পারমিট দিয়ে দিল খোদ সরকার!

Advertisements

Also Read | আর্জেন্টিনার এই দাপুটে ফুটবলারকে দলে টানার পথে গোয়া

   

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার তো রীতিমতো আবেগতাড়িত হয়ে স্লোগান দিয়েছেন, “ফুটবল ঘরে ফিরছে, তাই আপনাদেরও বাড়ি ফেরার তাড়াহুড়ো নেই!” আসলে মেক্সিকোর মতো কঠিন প্রতিপক্ষের সামনে থমাস টুখেলের ছেলেদের যা অবস্থা হতে পারে, তাতে হয়তো ঘোর নেশায় থাকা ছাড়া ব্রিটিশ সমর্থকদের আর কোনো উপায়ও নেই!

আগের রাউন্ডে কঙ্গোকে ২-১ গোলে কোনোমতে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে ইংল্যান্ড। এবার মেক্সিকো বাধা পেরোতে পারলেই কোয়ার্টার ফাইনালে সামনে পড়বে ব্রাজিল অথবা নরওয়ে। তাই ব্রিটিশ সরকার হয়তো ভেবেছে, দল কবে টুর্নামেন্ট থেকে পাততাড়ি গোটায় তার ঠিক নেই, তার চেয়ে পাবগুলো অন্তত দু’পয়সা লাভ করে নিক!

Advertisements

Also Read | নয়া মরসুমে কোন দলে খেলবেন ব্রাইসন ফার্নান্দেজ?

এমনিতে সেমিফাইনাল বা ১৯ জুলাইয়ের ফাইনাল ব্রিটিশ সময় রাত ৮টার মতো ভদ্র সময়েই হবে। তবে মেক্সিকো ম্যাচের পর ব্রিটিশ সমর্থকদের ওই ফাইনাল নিয়ে আদৌ ভাবতে হবে কি না, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। আপাতত ফুটবলপ্রেমীরা আর পাব মালিকরা খুশিতে ডগমগ। সারারাত পানীয় উড়বে, আর ঘুমচোখে মেক্সিকান ওয়েভের সামনে কেন-বেলিংহ্যামদের নাজেহাল হওয়ার সাক্ষী থাকবে গোটা দেশ!

Advertisements