কঙ্গোর বিরুদ্ধে এগিয়ে থেকে ড্র পর্তুগালের, গোল পেলেন না রোনাল্ডো

জোয়াও নেভেসের গোলে এগিয়েও জয় অধরা পর্তুগালের। কঙ্গোর ঐতিহাসিক গোলে ম্যাচ শেষ ১-১ ড্র, হতাশ রোনাল্ডো সমর্থকরা।

portugal-vs-dr-congo-world-cup

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ২০২৬ বিশ্বকাপ (FIFA World Cup) শুরু হওয়ার পর গত কয়েকদিনে একাধিক অঘটনের সাক্ষী থেকেছে ফুটবলপ্রেমীরা। টুর্নামেন্টের অপেক্ষাকৃত কম শক্তিশালী দল গুলির কাছে আটকে যেতে হয়েছে বিশ্বজয়ী স্পেন থেকে শুরু করে উরুগুয়ে সহ বেলজিয়ামের মতো দলগুলিকে। এবার সেই সারিতেই যুক্ত হল পর্তুগালের নাম। সূচি অনুসারে গত বুধবার রাতে বিশ্বকাপের প্রথম ম্যাচে নেমেছিল রোবের্তো মার্টিনেজের ছেলেরা। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল ডিআর কঙ্গো দল। সম্পূর্ণ সময়ের শেষে ১-১ গোলের অমীমাংসিত ফলাফলে শেষ হয় এই গুরুত্বপূর্ণ ম্যাচ।

Advertisements

পর্তুগালের জার্সিতে গোল করেন জোয়াও নেভেস। অপরদিকে কঙ্গোর হয়ে গোল পান ইয়োয়ান ইউসা। বলাবাহুল্য, এদিনের এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম থেকেই সকলের নজর ছিল পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে। কিন্তু এদিন যথেষ্ট অফকালার থাকলেন এই তারকা ফুটবলার। যা নিঃসন্দেহে হতাশ করেছে পর্তুগিজ ফুটবলপ্রেমীদের। খাতায় কলমে প্রতিপক্ষ দলের তুলনায় যথেষ্ট এগিয়েছিল রুবেন দিয়াজরা। সেইমতো ম্যাচের প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা গিয়েছিল সকলকে। গোলের মুখ খুলতেও খুব একটা ঝক্বি পোহাতে হয়নি।

   

ম্যাচের মাত্র ৬ মিনিটের মাথায় এগিয়ে গিয়েছিল পর্তুগাল। পেদ্রো নেতোর দুরন্ত ক্রস থেকে হেড করে বল জালে জড়িয়ে দিয়েছিলেন নেভেস। প্রথম কোয়ার্টারে এগিয়ে যাওয়ার ফলে যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে খেলতে দেখা গিয়েছিল দলের ফুটবলারদের। বলতে গেলে সময় এগোনোর সাথে সাথেই ম্যাচের দখল নিতে শুরু করেছিল ইউরোপের এই ফুটবল দল। কিন্তু সহজে হার মানতে নারাজ ছিল কঙ্গো। সুযোগ বুঝেই প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করছিল বারংবার। যদিও গোলের মুখ খোলা সম্ভব হচ্ছিল না কিছুতেই। কিন্তু অঘটন ঘটে যায় প্রথমার্ধের অতিরিক্ত সময়।

প্রায় ৪৯ মিনিটের মাথায় সতীর্থ ফুটবলারের অনবদ্য ক্রস থেকে হেড দিয়ে দলকে সমতায় ফিরিয়েছিলেন ইয়োয়ানে ইউসা। যারফলে সৃষ্টি হয় নতুন ইতিহাস। আসলে ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এটাই তাদের প্রথম গোল। অমীমাংসিত ফলাফল থাকার পর দ্বিতীয়ার্ধে যথেষ্ট সাবধানি হয়ে উঠেছিল কঙ্গো। অপরদিকে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কেন্দ্র করে একের পর এক আক্রমণ উঠে আসলেও পুনরায় গোলের মুখ খোলা সম্ভব হয়নি। যারফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ল দুই শিবির।

Advertisements
Advertisements