ISL: জয়ের ধারা বজায় রাখতে মরিয়া ইস্টবেঙ্গল, মূল দলের সঙ্গে অনুশীলন কেভিনের

কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে (ISL) জয় দিয়ে শুরু করলেও মাঝখানে বেশ কয়েকটি ম্যাচে ধাক্কা খেয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)। ঘরের মাঠে জামশেদপুরের কাছে পরাজিত হওয়ার…

kevin-sibille-returns-training-east-bengal-fc-goa-match-update

কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে (ISL) জয় দিয়ে শুরু করলেও মাঝখানে বেশ কয়েকটি ম্যাচে ধাক্কা খেয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)। ঘরের মাঠে জামশেদপুরের কাছে পরাজিত হওয়ার পর এফসি গোয়া এবং কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ও ড্র করেছিল লাল-হলুদ শিবির। যেটা কিছুতেই ভালোভাবে নেয়নি সমর্থকরা। সেখান থেকে ঘুরে দাঁড়ানোই অন্যতম চ্যালেঞ্জ ছিল অস্কার ব্রুজোর ছেলেদের। সেক্ষেত্রে টার্নিং পয়েন্ট হয়ে ওঠে মহামেডান স্পোর্টিং ম্যাচ। নিজেদের ঘরের মাঠ অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গনে বিরাট বড় ব্যবধানে ডার্বি জয় করেছে মশাল ব্রিগেড। সেই নিয়ে খুশি ছিল সমর্থকরা।

Advertisements

এবার সাময়িক বিরতি কাটিয়ে সপ্তাহ খানেকের মধ্যেই ফের ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। পুরনো সূচি অনুসারে আগামী ১১ই এপ্রিল তাঁদের লড়াই করতে হবে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। তবে গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে যে সেই ম্যাচের আগেই হয়তো সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে হবে মহম্মদ রশিদ থেকে শুরু করে মিগুয়েল ফেরেইরাদের। সেইমত দিনকয়েক আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে লাল-হলুদ ব্রিগেড। আজ ছিল দ্বিতীয় দিনের অনুশীলন।

   

যেখানে অস্কারের তত্ত্বাবধানে চুটিয়ে অনুশীলন করলেন দলের ফুটবলাররা। বাদ যাননি আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলে। প্রথমে ফিজিক্যাল ফিটনেস ট্রেনিংয়ের পর সিচুয়েশন প্র্যাকটিস করে ফুটবলাররা। সেখানেই মূলত একটি দলে থাকেন কেভিন। যদিও পরবর্তীতে ফের সাইড লাইনে চলে আসেন তিনি। তবে অন্যান্য দিনের তুলনায় আজ প্রায় অনেকটা সময় ধরেই অনুশীলন করে দলের অধিকাংশ ফুটবলাররা। কোচের নির্দেশ মতোই পাসিং ফুটবলের পাশাপাশি শ্যুটিং ও ড্রিবলে নিজেদের ঝালিয়ে নেন প্রত্যেকে।

আসন্ন ম্যাচের আগে সবদিক থেকেই নিজেদের প্রস্তুত রাখতে চাইছেন খেলোয়াড়রা। যারফলে চেন্নাইয়িন এফসি ম্যাচের আগে আদৌ পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে হলে হয়তো খুব একটা সমস্যা হবেনা।

Advertisements
Advertisements