দক্ষিণবঙ্গে বাড়ছে উষ্ণতা, সপ্তাহান্তে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়

কলকাতা: রাজ্যের আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তনের ইঙ্গিত মিলছে৷ শীত প্রায় বিদায় নিয়েছে, আর তার জায়গায় দক্ষিণবঙ্গজুড়ে বাড়ছে গরম৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গত কয়েকদিনে সর্বনিম্ন…

কলকাতা: রাজ্যের আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তনের ইঙ্গিত মিলছে৷ শীত প্রায় বিদায় নিয়েছে, আর তার জায়গায় দক্ষিণবঙ্গজুড়ে বাড়ছে গরম৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গত কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে এবং আগামী দিনগুলোতেও তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে৷ তবে সপ্তাহের শুরুতেই রাজ্যের আবহাওয়ায় (Thunderstorms and Rain) বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে৷

Advertisements

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে৷ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে৷ এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে৷ কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে৷

   

শনিবার থেকেই আকাশ আংশিক মেঘলা হতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ ধীরে ধীরে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে৷ বিশেষ করে সোমবার থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে৷

আবহাওয়াবিদদের মতে, এই আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ বঙ্গোপসাগর থেকে প্রবেশ করা প্রচুর জলীয় বাষ্প৷ এর ফলে বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়ছে৷ তাপমাত্রার ওঠানামার কারণে সকালের দিকে কুয়াশা দেখা যেতে পারে৷ বিশেষ করে উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে৷

Advertisements

অন্যদিকে উত্তরবঙ্গে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও পড়ছে৷ তার ফলেই রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা৷ শুক্রবার সকালে শহরের কিছু এলাকায় কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখা যায়। পরে অবশ্য আকাশ পরিষ্কার হয়ে যায়। শীতের অনুভূতি এখন প্রায় নেই বললেই চলে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি।

বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার পর্যন্ত কলকাতায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে সোমবার বা মঙ্গলবার শহরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪০ থেকে ৯৪ শতাংশের মধ্যে ওঠানামা করবে।

Advertisements